বরিশালে আদালত চত্বরের সামনে বোমা বিস্ফোরণ
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে বিকট শব্দে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে প্রবেশের মূল ফটকের সামনে এক বিকট বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আদালত চত্বর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত পুলিশ, আইনজীবী এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে আদালতের প্রবেশমুখে আকস্মিকভাবে এ বিস্ফোরণ ঘটে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে আদালতের প্রধান গেটের সামনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আকস্মিক এই শব্দে ভয়ে সাধারণ মানুষ, বিচারপ্রার্থী ও আইনজীবীরা দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। মুহূর্তের মধ্যে পুরো আদালত পাড়ায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা দেখা দেয়।
ঘটনার পরপরই খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ, সিআইডি, মহানগর ডিবি এবং র্যা বের বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চারপাশ ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আলামত সংগ্রহ শুরু করেন।
এ বিস্ফোরণের পেছনে কারণ কী বা কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক বিষয়টি খতিয়ে দেখে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
রাজনৈতিক প্রতিক্রিয়া
ঘটনা প্রসঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু অভিযোগ করে বলেন, “১৫ আগস্টকে সামনে রেখে দেশের স্থিতিশীল পরিবেশ বিনষ্ট করতে এবং আতঙ্ক ছড়াতে ফ্যাসিবাদের দোসররা এই ন্যক্কারজনক বিস্ফোরণ ঘটিয়েছে।” তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।


