বন্যা পরিস্থিতিতে এইচএসসি-আলিম পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

দেশব্যাপী চলমান বন্যা ও জলাবদ্ধতার কারণে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেছে সংগঠনটি।

Jul 14, 2026 - 17:51
 0  3
বন্যা পরিস্থিতিতে এইচএসসি-আলিম পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের
×

দেশব্যাপী চলমান অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ি ঢল ও ভয়াবহ জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার জোর দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে শিক্ষা প্রশাসনের সাম্প্রতিক ভুল সিদ্ধান্ত ও চরম সমন্বয়হীনতার প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রীর নৈতিক দায় স্বীকারপূর্বক পদত্যাগের বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়েছে ছাত্র সংগঠনটি।

​আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর আইসিএবি (ICAB) মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ষান্মাসিক পর্যালোচনা বৈঠকে সভাপতির বক্তব্যে এসব দাবি জানান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।

বন্যা পরিস্থিতিতে চরম অনিশ্চয়তায় শিক্ষার্থীরা

কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ তাঁর বক্তব্যে বলেন, "দেশের বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু এলাকায় সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে বন্যার্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর ফলে অসংখ্য শিক্ষার্থী নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছে না। এমন এক কঠিন বাস্তবতায় পরীক্ষা জোর করে চালু রাখা শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত দুর্ভোগ, নিরাপত্তা ঝুঁকি ও তীব্র মানসিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।"

​তিনি শিক্ষা প্রশাসনের তীব্র সমালোচনা করে আরও বলেন, "সম্প্রতি শিক্ষা প্রশাসনের সমন্বয়হীনতা ও দায়িত্বহীন সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও ভোগান্তির সৃষ্টি হয়েছে। পরীক্ষা আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি ও অব্যবস্থাপনার কারণে অনেক পরীক্ষার্থী কাঙ্ক্ষিতভাবে পরীক্ষায় অংশগ্রহণই করতে পারেনি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন অপরিকল্পিত ও হঠকারী সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" তিনি এ ঘটনায় দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি শিক্ষামন্ত্রীর নৈতিক দায় স্বীকারপূর্বক অবিলম্বে পদত্যাগের বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার তাগিদ দেন।

পরীক্ষা স্থগিত ও বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি

বৈঠকে ছাত্রনেতৃবৃন্দ বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। তাই দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশব্যাপী এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে। একই সঙ্গে পুনর্নির্ধারিত পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে বন্যা কবলিত এলাকার শিক্ষার্থীরা দেশের অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীদের মতো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত ও সমান সময় পায়।

​নেতৃবৃন্দ স্পষ্ট জানান, দুর্যোগের এই সময়ে মানুষের জীবন, নিরাপত্তা ও মানবিক প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া রাষ্ট্রের প্রধান দায়িত্ব। তাই বর্তমান মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এইচএসসি ও আলিম পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি ঘোষণা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।

বৈঠকে উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দ

সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ ও প্রচার সম্পাদক মাইমুন ইসলাম মিঠুনের পরিচালনায় পর্যালোচনা বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক এস এম কামরুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস, দক্ষতা উন্নয়ন ও বিতর্ক সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মনজু, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, অর্থ ও কল্যাণ সম্পাদক তানভীর আহমাদ শোভন, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক মুহাম্মাদ রাজন শিকদার, কওমি মাদরাসা সম্পাদক বি.এম মাহদী আল-হাসান এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক নূরে আলম সিদ্দিকী প্রমুখ।