পটিয়ায় ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, এলাকায় উত্তেজনা

চট্টগ্রামের পটিয়ায় দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় মো. মামুন সিকদার নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল সন্ত্রাসী।

Jun 30, 2026 - 20:11
 0  3
পটিয়ায় ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, এলাকায় উত্তেজনা
×

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বালু ব্যবসায় দাবিকৃত চাঁদা দিতে রাজি না হওয়ায় মো. মামুন সিকদার (৫০) নামের এক বিএনপি নেতাকে দিনদুপুরে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে চিহ্নিত একদল সন্ত্রাসী। গতকাল সোমবার দুপুরে উপজেলার ছনহরা ইউনিয়নের কিরিঞ্জা ব্রিজ এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

​আহত মো. মামুন সিকদার উপজেলার ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং স্থানীয় একজন প্রতিষ্ঠিত বালু ব্যবসায়ী। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নৌকা আটকে ১ লাখ টাকা চাঁদা দাবি:

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, মামুন সিকদার দীর্ঘদিন ধরে আনোয়ারা খাল থেকে নৌকার (বোট) মাধ্যমে বালু এনে উপজেলার ছনহরা এলাকায় সরবরাহ ও ব্যবসা করে আসছিলেন। সোমবার দুপুরে তিনি বালুভর্তি একটি বোট নিয়ে ছনহরা এলাকার দিকে আসছিলেন। বোটটি কিরিঞ্জা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পার্শ্ববর্তী আশিয়া ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী মো. সোহেল ও তার সাঙ্গোপাঙ্গরা বোটটির গতিপথ রোধ করে। এ সময় তারা মামুন সিকদারের কাছে নগদ ১ লাখ টাকা চাঁদা দাবি করে।

অতর্কিত হামলা ও চমেক হাসপাতালে প্রেরণ:

মামুন সিকদার দাবিকৃত চাঁদা দিতে সরাসরি অস্বীকৃতি জানালে সন্ত্রাসী সোহেল ও তার বাহিনীর সদস্যরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে উপর্যুপরি কোপাতে ও পিটাতে থাকে। এ সময় মামুন সিকদারের চিৎকার ও শোরগোল শুনে স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​পরে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার আশঙ্কাজনক অবণতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

​থানায় অভিযোগ ও পুলিশের বক্তব্য:

এই নৃশংস হামলার ঘটনার পর পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “একজন বিএনপি নেতা ও ব্যবসায়ীকে মারধর এবং টাকা দাবির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই আসামিদের শনাক্ত করেছে। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”