১৯ বছর আগের মামলায় আদালতে আত্মসমর্পণ দিল্লি জামে মসজিদের ইমামের

১৯ বছর আগের নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের মামলায় দিল্লির ঐতিহ্যবাহী জামে মসজিদের শাহি ইমাম মাওলানা আহমদ বুখারি আদালতে আত্মসমর্পণ করার পর জামিন পেয়েছেন।

Jul 25, 2026 - 12:08
 0  4
১৯ বছর আগের মামলায় আদালতে আত্মসমর্পণ দিল্লি জামে মসজিদের ইমামের
×

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের শাহি ইমাম মাওলানা আহমদ বুখারি ১৯ বছর পুরোনো একটি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন।

​শুক্রবার (২৪ জুলাই ২০২৬) উত্তর প্রদেশের একটি আদালতে হাজির হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পর বিজ্ঞ আদালত শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।

২০ হাজার রুপির বন্ডে জামিন

​আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিচারিক প্রক্রিয়ায় সশরীরে হাজির না হওয়ার কারণে শাহি ইমাম আহমদ বুখারির বিরুদ্ধে আদালত থেকে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

​শুক্রবার তিনি প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট (সিজেএম) কবিতা আগারওয়ালের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত দুই জামিনদারের উপস্থিতিতে ২০ হাজার রুপির মুচলেকায় (বন্ড) তাঁর জামিন মঞ্জুর করেন।

কী ছিল ১৯ বছর আগের মামলাটি?

​রাজ্য প্রসিকিউশন কর্মকর্তা কে সি মৌর্য সাংবাদিকদের জানান, ২০০৭ সালের ১০ এপ্রিল উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলার খাতাউলি থানায় আহমদ বুখারি এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। তৎকালীন ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ১৭১ ও ১৮৮ ধারায় নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগে মামলাটি রুজু হয়েছিল।

​মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০০৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারণাকালে প্রশাসনিক কিংবা নির্বাচন কমিশনের কোনো পূর্বানুমতি ছাড়াই ব্যক্তিগত হেলিকপ্টারে চড়ে খাতাউলিতে অবতরণ করেন শাহি ইমাম। সেখানে অনুমতি ছাড়া এক রাজনৈতিক জনসভায় বক্তব্য দেওয়ায় তাঁর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের আইনি অভিযোগ আনা হয়েছিল।

দীর্ঘ আইনি পরিক্রমা

​প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, মামলাটি দায়েরের পর থেকে একাধিকবার সমন জারি ও পরোয়ানা পাঠানো সত্ত্বেও শাহি ইমাম আদালতে উপস্থিত হননি। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও পরোয়ানা বহাল থাকার পর অবশেষে তিনি আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন করেন এবং জামিন লাভ করেন।