আলেম সমাজের ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে: ড. আ ফ ম খালিদ হোসেন
অগ্নিঝরা জুলাই আন্দোলনে আলেম সমাজের কুরবানি ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
অগ্নিঝরা জুলাই আন্দোলনে এদেশের আলেম সমাজ যেভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, জাতি সেই কুরবানি ও ত্যাগ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (১২ জুলাই) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে ‘জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলোতে উলামায়ে কেরামের অবদান’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।
ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, দেশের স্বাধীনতা, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আলেম-উলামাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সভায় বক্তারা জুলাই আন্দোলনে আলেম সমাজের ভূমিকা, আত্মত্যাগ ও জাতীয় সংকটকালে তাদের অবদানের কথা তুলে ধরেন। একই সাথে তারা আগামী দিনে ঐক্য, ন্যায়বিচার এবং দেশ গঠনে আলেমদের ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।
তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের মহাসচিব ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মদ খলিলুর রহমান মাদানী। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি কাজী ইব্রাহিম। এছাড়া সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান আজিজ, মাওলানা শাহ মুহাম্মদ আরিফ বিল্লাহ সিদ্দিকী। উক্ত অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


