ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার তথ্য বিকৃত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, যোগ্য ও শিক্ষিত ব্যক্তিদের দিয়েই কমিটি গঠন করা হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, অর্ধশিক্ষিত নয় বরং শিক্ষাক্ষেত্রে যাদের প্রকৃত অবদান আছে, তাদের নিয়েই কমিটি গঠনের চিন্তাভাবনা চলছে। এ বিষয়ে প্রচারিত ‘অর্ধশিক্ষিত দিয়ে কমিটি গঠন’ সংক্রান্ত তথ্যকে অসম্পূর্ণ ও বিকৃত বলে উল্লেখ করেন তিনি।
শুক্রবার (১৩ মার্চ, ২০২৬) বিকেলে চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষার মানোন্নয়ন ও নতুন পরীক্ষা পদ্ধতি:
শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে কচুয়াকে শিক্ষার ‘রোল মডেল’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। তিনি বলেন, “আগে নিজের ঘর ঠিক করতে হবে, তারপর এই মডেল সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার ধাপে ধাপে কাজ করছে।” তিনি আরও জানান, পুরনো পদ্ধতিতে নয়, বরং নতুন এবং যুগোপযোগী বাস্তবসম্মত নিয়মে এসএসসি পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পরীক্ষা হলের শৃঙ্খলা:
আগামী দিনে পরীক্ষার হলে পরীক্ষার্থী, ইনভিজিলেটর (পরিদর্শক) এবং পর্যবেক্ষকদের জন্য কঠোর নিয়ম ও শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি খণ্ডিত বক্তব্য প্রচার না করে প্রকৃত সত্য ও পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।


