নির্বাচনে হার মানেই প্রাসঙ্গিকতা হারানো নয়: মুফতি এনায়েতুল্লাহ

নির্বাচনের ফলাফল পরবর্তী ইসলামি রাজনৈতিক দলগুলোর বর্তমান স্থবিরতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে একটি বিশেষ বিশ্লেষণমূলক নিবন্ধ। লিখেছেন বার্তা টোয়েন্টিফোর-এর যুগ্ম সম্পাদক মুফতী এনায়েতুল্লাহ।

Mar 10, 2026 - 22:26
 0  56
নির্বাচনে হার মানেই প্রাসঙ্গিকতা হারানো নয়: মুফতি এনায়েতুল্লাহ
×

লেখক: মুফতী এনায়েতুল্লাহ

যুগ্ম সম্পাদক, বার্তা টোয়েন্টিফোর

​নির্বাচন ‘শ্যাষে’ সরকার এখন তাদের নির্বাচনী নানা ওয়াদা বাস্তবায়নে মনোযোগী হয়েছে। এবারের নির্বাচনে ইসলামি দলগুলো প্রত্যাশিত ফলাফল করতে না পারলেও সংসদে একাধিক দলের প্রতিনিধি থাকাটা ইতিবাচক। রাজনীতিতে ইসলামি দলগুলোর অবস্থান যে শক্তিশালী হয়েছে, তা নির্বাচনের প্রাপ্তি হিসেবেই গণ্য করা যায়। তবে সরকারে তাদের অংশীদারিত্ব থাকলে বিষয়টি আরও ভালো লাগত; যদিও সামনের পরিস্থিতি কী হবে তা এখনই বলা কঠিন।

​বলা বাহুল্য, এবারের নির্বাচন ছিল উত্তেজনাপূর্ণ ও আবেগঘন। ইসলামি রাজনৈতিক দলগুলোর সামনে আরও ভালো করার সুযোগ ছিল, কিন্তু যা হয়নি তা নিয়ে বারবার কথা বলার চেয়ে সামনের দিকে তাকানোই এখন সময়ের দাবি।

​প্রথমত, নির্বাচনে জয় নিঃসন্দেহে গৌরবের। কিন্তু পরাজয় মানেই সব শেষ নয়। সাধারণত জয়ের আনন্দ বিজয়ী শিবিরে স্বস্তি আনলেও পরাজয়ের বিষাদ থেকে বিভাজনের বীজ গজানো শুরু করে। মানুষ ক্ষমতা অলিন্দে থাকতে পছন্দ করে বলে পরাজিতের পাশে থাকতে চায় না। এখানেই রাজনৈতিক পরিপক্বতার পরিচয় দিতে হয়। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিপক্বতার অর্থ হলো—বিরোধীদের এক অংশ সংসদে সরকারকে চ্যালেঞ্জ করবে এবং অন্য অংশ রাজপথে সরকারের কাজের সমালোচনা ও জবাবদিহি নিশ্চিত করবে।

​কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, নির্বাচনের পর আমাদের দেশের ইসলামি রাজনৈতিক দলগুলো কিছুটা মিইয়ে গেছে। তৃণমূলের মাঝে এক ধরনের হতাশা কাজ করছে। মিডিয়া বা আলোচনার টেবিলে তাদের উপস্থিতি আগের মতো দেখা যাচ্ছে না, যা ভবিষ্যতের রাজনীতির জন্য ক্ষতিকর। মনে রাখতে হবে, গণতন্ত্রে বিরোধী কণ্ঠও সমান গুরুত্বপূর্ণ; তাই হার মানেই প্রাসঙ্গিকতা হারানো নয়।

​নির্বাচনে পরাজয় রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ। ইতিহাসে এমন অনেক নজির আছে যেখানে নেতারা শুরুতে কয়েকবার পরাজিত হয়েও পরবর্তীতে জনগণের আস্থা অর্জন করেছেন। তাই ফলাফল মেনে নিয়ে শান্ত ও মর্যাদাপূর্ণ প্রতিক্রিয়া দেখানোই হলো প্রকৃত রাজনৈতিক প্রজ্ঞা।

​এখন সময় আত্মসমালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনার। দলগুলোকে খুঁজে বের করতে হবে কেন তাদের পরিকল্পনা সফল হলো না এবং মানুষ কেন তাদের প্রত্যাশিত ভোট দিল না। ভুলগুলো শুধরে নিয়ে নতুন উদ্যমে রাজনীতির মাঠে নামাই হবে এখনকার মূল কাজ।