ছাত্রদলের ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

পুরান ঢাকার লক্ষ্মীবাজারে আড়াই মাস ধরে চলা একটি মেলাকে ঘিরে চাঁদাবাজি, অবৈধ দখল ও অনুমোদনহীন বিদ্যুৎ সংযোগের অভিযোগ উঠেছে ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে। ভোগান্তিতে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী।

Aug 12, 2026 - 16:04
 0  2
ছাত্রদলের ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
×

পুরান ঢাকার লক্ষ্মীবাজারে ডিআইটি মার্কেট-সংলগ্ন এলাকায় ঈদুল আজহাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অস্থায়ী মেলাকে ঘিরে তীব্র জনভোগান্তি, রাস্তা দখল এবং প্রতিদিন মোটা অঙ্কের চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। অবৈধ এই কর্মকাণ্ড ও স্টল থেকে নিয়মিত টাকা আদায়ের পেছনে সরাসরি জড়িত থাকার অভিযোগ এসেছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল এবং কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব নাজমুল হাসানের বিরুদ্ধে।

​আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) সরেজমিনে দেখা যায়, ডিআইটি মার্কেট-সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তার বড় অংশ দখল করে মেলার স্টল বসানো হয়েছে। ঈদের আগে শুরু হওয়া এই মেলা প্রায় আড়াই মাস ধরে চললেও তা শেষ হওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

​মেলাটির ৪টি স্টলের ব্যবসায়ীরা জানান, স্টলপ্রতি প্রতিদিন তাঁদের কাছ থেকে ৩ হাজার ৩৫০ টাকা করে নেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রেতা বলেন, “মেলা শুরুর পর থেকেই ছাত্রদলের নেতা জসিম, রুবেল ও নাজমুল আমাদের মালিকদের কাছ থেকে নিয়মিত এই টাকা নিচ্ছেন। তবে টাকা আদায়ের বিষয়ে তারা কোনো লিখিত নথি বা অনুমোদন দেখাতে পারেননি।”

​এছাড়া মেলার স্টলগুলোতে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলেও স্থানীয়রা অভিযোগ তুলেছেন।

শিক্ষার্থী ও জনভোগান্তি চরম পর্যায়ে

​লক্ষ্মীবাজার ও জনসন রোড সংযোগকারী এই পথটি দিয়ে কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেন্ট গ্রেগরিজ, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স এবং ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করেন। দীর্ঘ আড়াই মাস ধরে মূল পথ অবরুদ্ধ থাকায় তীব্র যানজট ও চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার শিক্ষার্থী ও পথচারী।

​ফারহানা ইয়াসমিন নামের এক কলেজ শিক্ষার্থী আক্ষেপ করে বলেন, “মেলা করার জন্য নির্দিষ্ট স্থান ও সময় থাকা উচিত। দেখে মনে হচ্ছে শুধুই বেআইনি অর্থ উপার্জনের জন্য এটি দীর্ঘদিন ধরে চালানো হচ্ছে।”

অভিযুক্ত ছাত্রদল নেতাদের প্রতিক্রিয়া

​অভিযোগের বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব নাজমুল হাসান বলেন, “আমার নামে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি এ বিষয়ে কিছু জানি না।”

​অন্যদিকে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল দাবি করেন, “বিষয়টি সম্পর্কে আমি আগে অবগত ছিলাম না। জানার পর আমরা দোকানদারদের উঠে যাওয়ার আলটিমেটাম দিয়েছি, না সরালে আমরা নিজেরা গিয়ে তা ভেঙে দেব।”

​সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একটি কর্মসূচিতে ব্যস্ত আছেন জানিয়ে পরে কথা বলবেন বলে জানান।

​এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে এই অবৈধ মেলা উচ্ছেদ, বেআইনি অর্থ আদায়ের তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।