ফরিদপুর কারাগারে বন্দিদের দেওয়া হলো মৌসুমি ফল আম ও লিচু

ফরিদপুর জেলা কারাগারে বন্দিদের পুষ্টি চাহিদা ও মানসিক সুস্থতা নিশ্চিতে আম ও লিচু বিতরণ করেছে কারা কর্তৃপক্ষ। জেল সুপারের মানবিক উদ্যোগ।

Jun 11, 2026 - 19:02
 0  2
ফরিদপুর কারাগারে বন্দিদের দেওয়া হলো মৌসুমি ফল আম ও লিচু
×

ফরিদপুর জেলা কারাগারে বন্দিদের মানবিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে মৌসুমি ফল আম ও লিচু বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে জেলা কারাগার প্রাঙ্গণে কারা কর্তৃপক্ষের উদ্যোগে এই ফল বিতরণ করা হয়।

​কারাগার সূত্র অনুযায়ী, বর্তমানে এই কারাগারে ১ হাজার ১৪২ জন পুরুষ এবং ৪৮ জন নারী বন্দি রয়েছেন। তাদের পুষ্টি চাহিদা পূরণ এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে মোট সাত হাজার লিচু এবং সাত হাজার আম বিতরণ করা হয়েছে।

​ফল বিতরণকালে ফরিদপুর কারাগারের জেল সুপার শওকত হোসেন মিয়া এবং জেলার মনির হোসেন উপস্থিত ছিলেন। তারা বন্দিদের সার্বিক খোঁজখবর নেন এবং কারাগারের পরিবেশ ও কল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করেন।

​জেল সুপার শওকত হোসেন মিয়া জানান, কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্দিদের মানবিক মর্যাদা রক্ষা ও সুস্থতা নিশ্চিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্বাস্থ্যকর খাদ্য, চিকিৎসাসেবা, বিনোদন ও পুনর্বাসনমূলক কার্যক্রমের অংশ হিসেবেই এই মৌসুমি ফল দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, কারাগার শুধু শাস্তি প্রদানের স্থান নয়, এটি সংশোধন ও পুনর্বাসনেরও একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।