ইসলামী আন্দোলনে যোগ দিলেন ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ মুফতি রায়হান জামিল
ইসলামী আন্দোলন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ ও সমাজসেবক মুফতি রায়হান জামিল। পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তিনি দলে যোগ দেন।
দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ইনসাফ ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ফরিদপুরের আলোচিত রাজনীতিবীদ, বিশিষ্ট আলেম ও সমাজসেবক মুফতি রায়হান জামিল।
গতকাল রোববার (১৯ জুলাই ২০২৬) রাতে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তিনি দলটির লক্ষ্য, আদর্শ ও কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন জানিয়ে যোগদান করেন।
ইনসাফভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার:
দলে যোগদান শেষে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে মুফতি রায়হান জামিল বলেন, “দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা গঠন এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমি চরমোনাই পীর সাহেবের হাত ধরে ইসলামী আন্দোলনের সুমহান আদর্শে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনসহ সমগ্র দেশের অবহেলিত মানুষের কল্যাণে আজীবন সততা, নিষ্ঠা ও ন্যায়নীতির সাথে কাজ করে যেতে চাই।”
এদিকে মুফতি রায়হান জামিলকে ফুল দিয়ে দলে আন্তরিকভাবে স্বাগত জানান ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ব্যাপক সামাজিক গ্রহণযোগ্যতা ও অসাধারণ জনসম্পৃক্ততা ফরিদপুরসহ দেশজুড়ে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও বেশি শক্তিশালী ও জনমুখী করতে কার্যকর ভূমিকা রাখবে।
ব্যতিক্রমী মানবিক উদ্যোগে দেশজুড়ে আলোচনা:
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ সংসদীয় এলাকায় বহুমুখী সমাজসেবা ও ব্যতিক্রমী মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে দেশজুড়ে ব্যাপক পরিচিতি ও প্রশংসা কুড়িয়েছেন মুফতি রায়হান জামিল।
এর আগে বাজারমূল্যের চেয়ে অবিশ্বাস্য কম দামে—১০ টাকায় আস্ত ইলিশ মাছ, ৩০ নভেম্বর ১ টাকা কেজি দরে গরুর গোশত এবং ১১ জুলাই মাত্র ২ টাকা কেজি দরে চাল বিতরণ করে তিনি জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ আলোচনার জন্ম দেন। এছাড়া মাঝরাতে সাধারণ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে সুনির্দিষ্টভাবে চালের বস্তা ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার মতো মানবিক কার্যক্রম পরিচালনা করে তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।


