রাতের ভোট ও ডামি ভোটের পর ‘সমঝোতার নির্বাচন’ করে জাতির সাথে আরেকবার প্রতারণা করা হয়েছে: শেখ ফজলে বারী মাসউদ

বিগত ফ্যাসিবাদের পর এবার ‘সমঝোতার নির্বাচন’ এর মাধ্যমে জাতির সাথে আবারও প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

Mar 10, 2026 - 16:13
 0  12
রাতের ভোট ও ডামি ভোটের পর ‘সমঝোতার নির্বাচন’ করে জাতির সাথে আরেকবার প্রতারণা করা হয়েছে: শেখ ফজলে বারী মাসউদ
×

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, বিগত ফ্যাসিবাদের রাতের ভোট ও ডামি ভোটের ধারাবাহিকতায় এবার ‘সমঝোতার নির্বাচন’ আয়োজনের মাধ্যমে জাতির সাথে আবারও বড় ধরনের প্রতারণা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ, ২০২৬) রাজধানীর ভাটারা এলাকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

​মাওলানা মাসউদ বলেন, "চব্বিশের জুলাইয়ে একটি রক্তস্নাত গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ স্বৈরাচারকে উৎখাত করেছিল। প্রত্যাশা ছিল প্রয়োজনীয় সংস্কার ও একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লন্ডন বৈঠকের পর থেকেই সরকার নির্দিষ্ট তিনটি দলকে ‘মেইনস্ট্রিমিং’ বা মূলধারায় আনার প্রক্রিয়া শুরু করে এবং অন্যদের প্রান্তিক করার চেষ্টা চালায়।"

​তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নির্দিষ্ট তিনটি দলকে বিশেষ গুরুত্ব দিয়ে বৈঠক করেছেন এবং তাদের জাতিসংঘে নিয়ে গেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ তখনই এই বিপদের আঁচ করতে পেরেছিল এবং বারংবার প্রতিবাদ জানিয়েছিল। সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো কোনো দলকে মূলধারায় এনেছে এবং কোনো কোনো দলকে বাধা দিয়েছে তা এখন স্পষ্ট।

​শেখ ফজলে বারী মাসউদ দাবি করেন, নির্বাচনে ৩০০ আসনকে সেই নির্দিষ্ট তিন দলের মধ্যে ভাগ-বাটোয়ারা করে দেওয়া হয়েছে এবং গণমানুষের সংগঠন ইসলামী আন্দোলনকে পরিকল্পিতভাবে প্রান্তিক করে দেওয়া হয়েছে। এই ধরনের সমঝোতার নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সাথে স্পষ্টত সাংঘর্ষিক এবং এটি দেশের গণতন্ত্রের জন্য নতুন হুমকি বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।