বুড়ো বয়সে ভীমরতি হয়েছে অলি আহমদের: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান।

Aug 12, 2026 - 14:46
 0  2
বুড়ো বয়সে ভীমরতি হয়েছে অলি আহমদের: ফজলুর রহমান
×

রাষ্ট্রপতি পদে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বুড়ো বয়সে ‘ভীমরতি’ রোগে ভুগছেন বলে চরম কটাক্ষ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

​সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

​সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, “রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু বেইমান থাকে যারা পক্ষ পরিবর্তন করে; আমি এখন অলি আহমেদ সাহেবকে ঠিক ওই অবস্থানেই দেখছি। এর বেশি আর তাঁকে অপমান করে কোনো কথা বলতে চাই না। বুড়ো বয়সে যাকে ‘ভীমরতি’ বলা হয়, উনি এখন সেই রোগে ভুগছেন।”

​জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে কর্নেল (অব.) অলির রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপি এমপি বলেন, “অলি আহমেদ সাহেবের মতো লোক যদি মানসিকভাবে অসুস্থ বা বিভ্রান্ত না হতেন, তবে নিশ্চিত পরাজয় জেনেও তিনি রাষ্ট্রপতি প্রার্থী হতেন না। জোটের সর্বোচ্চ ভোট হতে পারে ৭৫ বা ৭৬টি। অন্যদিকে বিপরীতপক্ষে ভোটের সংখ্যা ২২৫টি। কাজেই উনার যদি ভীমরতি না ধরে থাকে, তবে এমন নিশ্চিত পরাজয়ের সমীকরণে রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার কথা নয়।”

​সংবাদ সাক্ষাৎকারে তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “অলি আহমদকে এখন আর আমি মুক্তিযুদ্ধের পক্ষের কেউ বলে মনে করি না।”

বিএনপির প্রার্থী মনোনয়ন ও সিদ্ধান্ত

​রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে একাধিক মনোনয়ন ফরম গ্রহণের বিষয়ে জানতে চাইলে ফজলুর রহমান স্পষ্ট করেন যে, দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, “অনেকে বলে আমাদের প্রধানমন্ত্রী তারুণ্যের প্রতীক, কিন্তু তিনি এখন আর কেবল তারুণ্যের প্রতীক নন; তিনি বিশাল অভিজ্ঞতার প্রতীক। তিনি নির্ভীক হৃদয়ে সঠিক সময়ে নির্ভুল সিদ্ধান্তটিই নেবেন।”