টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ নারী আটক

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার কেরানীরটেক বস্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী কারিমা বেগমকে আটক করেছে পুলিশ।

Jul 17, 2026 - 17:33
 0  3
টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ নারী আটক
×

গাজীপুরের টঙ্গীতে এক বিশেষ অভিযান পরিচালনা করে এলাকার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত কারিমা বেগমকে (৪১) আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আটককালে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

​গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) রাতে টঙ্গী পূর্ব থানা এলাকার হিমারদীঘি আমতলী কেরানীরটেক বস্তি এলাকায় এই সফল অভিযানটি পরিচালিত হয়। আটককৃত কারিমা টঙ্গীর কেরানীরটেক এলাকার মৃত কাদির মিয়ার মেয়ে।

ছয় মামলার পলাতক আসামি কারিমা:

টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, কুখ্যাত মাদক কারবারি কারিমা বেগম হিমারদীঘি আমতলী কেরানীরটেক এলাকায় অবস্থান করে মাদক কেনাবেচা করছে—এমন একটি সুনির্দিষ্ট ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওসির নির্দেশে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় আকস্মিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে হাতেনাতে আটক করা হয়।

​পুলিশের রেকর্ড বুক ঘেঁটে জানা যায়, আটককৃত কারিমা বেগম টঙ্গী এলাকার একজন তালিকাভুক্ত অপরাধী। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একাধিক মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে সংঘটিত হত্যা চেষ্টা, চুরি, মারধর ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে তার নামে মোট ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।

প্রশাসনের কড়া বার্তা:

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, “টঙ্গী এলাকাকে মাদকমুক্ত করার নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী কারিমাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে নতুন করে মামলা রুজু করা হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে প্রয়োজনীয় পুলিশ স্কটসহ তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।”

​তিনি আরও জানান, টঙ্গী এলাকায় মাদকের সিন্ডিকেট নির্মূল করতে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।