জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন আর নেই

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Jun 13, 2026 - 13:49
 0  4
জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন আর নেই
×

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই। গতকাল শুক্রবার (১২ জুন) রাত দেড়টার দিকে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানারকম জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় এবং গত দুদিন ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

​মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী জামায়াতে ইসলামীর সিলেট জেলার সাবেক আমির ও সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ছিলেন। এছাড়া তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরীর শ্বশুর। পারিবারিক সূত্রে জানা গেছে, সিলেট শহর এবং কানাইঘাটের তালবাড়িতে একাধিক জানাজার নামাজ শেষে তাঁকে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

সংক্ষিপ্ত কর্মজীবন ও অবদান:

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সিলেট অঞ্চলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে জামায়াতে ইসলামীর রাজনীতির শক্ত ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সিলেটের বিখ্যাত ‘আলহামরা শপিং সিটি’র অন্যতম প্রধান উদ্যোক্তা এবং এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।

​আশির দশকে তাঁর দূরদর্শী নেতৃত্বে সিলেটে প্রথম প্রতিষ্ঠিত হয় ‘জামেয়া ইসলামিয়া মিরাবাজার উচ্চ বিদ্যালয়’ এবং তিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এছাড়া ‘দি সিলেট ইসলামিক সোসাইটি’, ‘জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা’, এবং ‘আল আমিন জামেয়া ইসলামিয়া’ প্রতিষ্ঠায় তাঁর অগ্রণী ভূমিকা ছিল। সামাজিক ক্ষেত্রে ‘আনজুমানে খেদমতে কুরআন’ নামক সংস্থা গঠনেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরবর্তীতে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি চারদলীয় জোটের প্রার্থী হিসেবে সিলেট-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

জন্ম ও শিক্ষা:

১৯৪৭ সালের ডিসেম্বর মাসে সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল এবং সিলেট এমসি কলেজ থেকে সফলতার সাথে স্নাতক (বিএ) ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং তৎকালীন ইসলামী ছাত্রসংঘের সিলেট জেলা সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।