গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার, বেশিরভাগই নারী ও শিশু

গাজা সিটির একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচ থেকে চার দিনের অভিযান শেষে ১৯ জনের মরদেহ উদ্ধার করেছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

Aug 9, 2026 - 16:58
 0  3
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার, বেশিরভাগই নারী ও শিশু
×

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। সর্বশেষ গাজা সিটির পশ্চিমাঞ্চলের একটি ধ্বংসপ্রাপ্ত আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করেছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু।  

​শনিবার (৮ আগস্ট) চার দিনের উদ্ধার অভিযান শেষে 'কারাম' নামের ওই ভবন থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

​ভারী যন্ত্রপাতির মারাত্মক সংকটের কারণে উদ্ধারকারীরা প্রধানত হাত ও সাধারণ সরঞ্জাম ব্যবহার করেই বিপুল পরিমাণ ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালান।

​উদ্ধারকাজ তদারককারী কর্মকর্তা মোহাম্মদ আবু দান জানান, গাজার পশ্চিমাঞ্চলের 'কারাম' ভবনে টানা চার দিন তল্লাশি চালানোর পর বর্তমান উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। এখন বিশেষায়িত চিকিৎসাকর্মী ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারী দল গাজা সিটির অন্য একটি স্থানে স্থানান্তরিত হয়ে নতুন করে তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করবে।

​বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, ভারী কংক্রিটের স্ল্যাব সরানোর মতো আধুনিক বা প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় উদ্ধারকারীরা চরম ঝুঁকি ও প্রচণ্ড শারীরিক পরিশ্রমের মাধ্যমে অপ্রতুল সরঞ্জাম নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।

​গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পুরো উপত্যকা জুড়ে এখনো ৮ হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন।  

​মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে জানানো হয়েছে, গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ১,২৫৪ জন নিহত, ৪,১২১ জন আহত এবং ধ্বংসস্তূপ থেকে ৮০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

​২০২৩ সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা ৭৩,৩০০ ছড়িয়েছে এবং আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।