খামেনির মৃত্যুতে যে প্রতিক্রিয়া হামাসের
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহতের ঘটনায় গভীর শোক জানিয়েছে হামাস। ফিলিস্তিনি মুক্তিকামী এই গোষ্ঠী খামেনির সামরিক ও রাজনৈতিক সমর্থনের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। রোববার (১ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে গোষ্ঠীটি এই হত্যাকাণ্ডকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি ‘নগ্ন আগ্রাসন ও জঘন্য অপরাধ’ হিসেবে বর্ণনা করেছে।
হামাস তাদের বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের সংগ্রাম, রাজনৈতিক ও কূটনৈতিক অধিকার এবং সশস্ত্র প্রতিরোধে খামেনির সর্বাত্মক ও বহুমুখী সামরিক সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে। তারা জানায়, ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের পাশে খামেনির অবস্থান ছিল অনড় এবং অনুপ্রেরণাদায়ক।
চরম পরিণতির হুঁশিয়ারি:
হামাস এই জঘন্য হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সার্বভৌমত্বের ওপর এই নগ্ন আঘাতের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার যে চরম অবনতি ঘটবে, তার সম্পূর্ণ দায়ভার এই দুই দেশকেই নিতে হবে। এই হামলার সুদূরপ্রসারী ও ‘মারাত্মক পরিণতি’ সম্পর্কেও তারা বিশ্বকে সতর্ক করেছে।
মুসলিম বিশ্বের প্রতি আহ্বান:
হামাস আরব ও মুসলিম দেশগুলোর প্রতি এক জরুরি আহ্বান জানিয়ে বলেছে, ইরানের ওপর এই হামলার প্রেক্ষিতে অবিলম্বে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া মুসলিম বিশ্বের দেশগুলোর জন্য একটি রাজনৈতিক, আইনি এবং ঐতিহাসিক দায়িত্ব। বর্তমান পরিস্থিতিতে চুপ না থেকে কার্যকর ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের জন্য তারা মুসলিম উম্মাহর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে।
সূত্র: আল জাজিরা।


