দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস
মৌসুমি বায়ুর প্রভাবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ এবং সারাদেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারী ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। একই সাথে দেশের ৮টি বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) আবহাওয়ার পূর্বাভাস জারি করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
দিনভিত্তিক আবহাওয়া পূর্বাভাস:
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা:
বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার (২২ জুলাই):
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ দিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই):
রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী দুই দিনের আবহাওয়া কেমন থাকবে?
শুক্রবার (২৪ জুলাই): রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (২৫ জুলাই): খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।


