আগামীকাল কওমি ঘরানার ইসলামী দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক, দেওবন্দীরা ছাড়তে পারে জামায়াত জোট
ঈমান-আকিদা রক্ষা ও জাতীয় স্বার্থে কওমি ঘরানার ৭টি ইসলামি দলের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বাবুনগর মাদরাসায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
ঈমান-আকিদা সংরক্ষণ এবং দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে কওমি ঘরানার মূলধারার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ পথচলার এক অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই লক্ষ্যকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় এক নীতি-নির্ধারণী পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক জরুরি পত্রে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় কওমি ঘরানার সকল ইসলামি রাজনৈতিক দলকে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।
সভাপতিসহ ৩ প্রতিনিধি পাঠানোর অনুরোধ:
আমন্ত্রণপত্রে হেফাজতের পক্ষ থেকে উল্লেখ করা হয়, বর্তমান বৈশ্বিক ও দেশীয় প্রেক্ষাপটে ঈমান-আকিদা রক্ষা এবং জাতীয় স্বার্থে ইসলামি শক্তিগুলোর ঐক্যের কোনো বিকল্প নেই। এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের অংশ হিসেবেই উক্ত সভার আয়োজন। সভার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও আলোচনাকে ফলপ্রসূ করতে আমন্ত্রিত প্রতিটি দলকে তাদের দলীয় সভাপতি/আমীরসহ মোট তিনজন শীর্ষ প্রতিনিধি পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
হেফাজতের আমীর আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক ও হেফাজতের সিনিয়র নায়েবে আমীর আল্লামা খলিল আহমদ কাসেমী এবং সংগঠনটির মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান যৌথভাবে এই বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ ও একে সফল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৈঠকে আমন্ত্রণ পেয়েছে যে ৭ দল:
হেফাজত আমীর আল্লামা বাবুনগরীর খাদেম মাওলানা আব্দুল খালেক গণমাধ্যমকে জানান, এই রুদ্ধদ্বার বৈঠকে অংশগ্রহণের জন্য কওমি ঘরানার প্রধান ৭টি রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হয়েছে। দলগুলো হলো:
১. ইসলামী আন্দোলন বাংলাদেশ
২. বাংলাদেশ খেলাফত মজলিস
৩. খেলাফত মজলিস
৪. জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
৫. বাংলাদেশ খেলাফত আন্দোলন
৬. ইসলামী ঐক্যজোট
৭. নেজামে ইসলাম পার্টি
১১ দলীয় জোট ছাড়ার তাগিদ ও এজেন্ডা:
হেফাজতের দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নবগঠিত ১১ দলীয় জোটে থাকা কওমি ঘরানার চারটি দলকে উক্ত জোট থেকে বেরিয়ে এসে কওমি বলয়ে একক অবস্থান নেওয়ার জন্য হেফাজতের পক্ষ থেকে আগেই অলিখিত পরামর্শ দেওয়া হয়েছিল। আগামীকালের বৈঠকে এই জোট ত্যাগের ব্যাপারে দলগুলোকে আবারও জোরালো তাগিদ দেওয়া হতে পারে। এছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামি দলগুলোর ভবিষ্যৎ ভূমিকা ও কৌশল কী হবে, সে ব্যাপারেও এই পরামর্শ সভায় চুলচেরা বিশ্লেষণ করা হবে।
সাড়া দিচ্ছে সব দল, থাকছেন শীর্ষ নেতারা:
খোঁজ নিয়ে জানা গেছে, হেফাজতের এই ঐতিহাসিক ডাকে কওমি ঘরানার প্রায় সব দলই ইতিবাচক সাড়া দিচ্ছে। ইতিমধ্যে দলগুলো তাদের প্রতিনিধি দল চূড়ান্ত করেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ: দলের পক্ষ থেকে বৈঠকে অংশ নেবেন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ এবং মুফতি রেজাউল কারীম আবরার।
বাংলাদেশ খেলাফত মজলিস: দলের আমীর আল্লামা মামুনুল হক-এর নেতৃত্বে প্রতিনিধি দলে থাকছেন যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং মাওলানা ফয়সাল আহমদ।
বাকি পাঁচটি দলেরও সভাপতি, আমীর ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ তিন নেতা এই বৈঠকে অংশ নিতে আজ বিকালের মধ্যেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামীকালের এই বৈঠক থেকে দেশের ইসলামি রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ বা জোটের ঘোষণা আসতে পারে।
সূত্র: আওয়ার ইসলাম


