ইউপি চেয়ারম্যানদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’ করতে হাইকোর্টের রুল
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ‘স্নাতক’ নির্ধারণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ বুধবার (২২ জুলাই) সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর দায়ের করা এক রিট পিটিশনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
পরে রিটকারী আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান রুল জারির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। আদালতে রিট আবেদনটি যৌথভাবে দায়ের করেন আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও আইনজীবী মো. তানভীর আহমেদ খান।
সংবিধানের সঙ্গে সাংঘর্ষিকতার প্রশ্ন
হাইকোর্ট তার রুলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ২৬-এ চেয়ারম্যান প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করার ব্যর্থতাকে কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা স্পষ্ট করতে নির্দেশ দিয়েছেন।
একই সাথে ইউপি চেয়ারম্যান পদের প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার এই বাধ্যবাধকতা (কমপক্ষে স্নাতক ডিগ্রি) যুক্ত করতে কেন প্রয়োজনীয় আইনি নির্দেশনা দেওয়া হবে না— তা জানতে চেয়েছেন উচ্চ আদালত।
মামলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।


