সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে তোলা রাজনৈতিক অভিযোগ সরকারের কাছে আমলে নেওয়ার মতো নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি নিয়ম অনুযায়ী সকল সুযোগ-সুবিধা পাবেন।

Jul 26, 2026 - 15:13
 0  5
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
×

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে সম্প্রতি উত্থাপিত বিভিন্ন অভিযোগ ও তাঁকে গ্রেফতারের দাবি সরকারের কাছে আমলযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

​আজ রোববার (২৬ জুলাই ২০২৬) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান। পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সদস্যের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​'আইনানুভাবেই সকল সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি'

​স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী বর্তমান মুক্ত পরিবেশে রাজনৈতিকভাবে সবার মতামত প্রকাশ, কথা বলা ও প্রতিবাদ জানানোর পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন ও বিধিবিধান অনুযায়ী যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তাঁর সবই তিনি নিশ্চিতভাবে পাবেন।”

​তিনি আরও স্পষ্ট করেন, “সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে নির্ধারিত বিধি অনুযায়ী তিনি পরবর্তী ৬ মাসের বিশেষ নিরাপত্তাসহ অন্যান্য সব সরকারি সুবিধা ভোগ করবেন। তবে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ার পূর্বকালীন সময়ে যদি তাঁর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধ, অভিযোগ বা মামলা থেকে থাকে—তবে সেটি স্বাভাবিক আইনি প্রক্রিয়াতেই চলবে।”

​'দায়িত্ব পালনে বিধিবিধান মেনেছেন'

​সাবেক রাষ্ট্রপতির গ্রেফতার দাবি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পরবর্তী অন্তর্বর্তী ও নির্বাচিত সরকারের সঙ্গে সংবিধান ও বিধিমোতাবেক দায়িত্ব পালন করেছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি নির্বাচিত সরকারকেও সার্বিক সহযোগিতা করেছেন। ফলে বর্তমান প্রেক্ষাপটে তাঁকে গ্রেফতার বা হয়রানি করার মতো দাবিগুলো সরকারের বিবেচনা বা আমলে নেওয়ার মতো নয়।”

মতিঝিলে বোমা উদ্ধার প্রসঙ্গে

​সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, গত পরশু সনাতন ধর্মাবলম্বীদের ‘উল্টোরথযাত্রা’ উৎসবের দিন মতিঝিল এলাকায় বোমা পাওয়ার বিষয়টি সম্পূর্ণ কাকতালীয়। এর সঙ্গে রথযাত্রা বা ধর্মীয় উৎসবের নিরাপত্তার কোনো সম্পর্ক বা ষড়যন্ত্র নেই।

​১০ পুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা

​এ দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত কর্মসূচিতে নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য সাহসিকতা, কর্মদক্ষতা ও প্রশংসনীয় সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ১০ জন পুলিশ সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সম্মাননা তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।