‘খালেদা জিয়ার সংবিধান ছুড়ে ফেলার কথাটি ছিল রাজনৈতিক রূপক’: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার সংবিধান ছুড়ে ফেলার বক্তব্য ছিল একটি রাজনৈতিক রূপক; পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ায় সেই লক্ষ্য অর্জিত হয়েছে বলে সংসদে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ‘সংবিধান ছুড়ে ফেলা’ সংক্রান্ত বহুল আলোচিত বক্তব্যটি একটি ‘ম্যাটাফর’ বা রাজনৈতিক রূপক ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, মূলত সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনীকে উদ্দেশ্য করেই তিনি ওই কথা বলেছিলেন। রোববার (৫ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া এক গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বেগম খালেদা জিয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে উদ্দেশ্য করেই ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছিলেন। আজ সেই পঞ্চদশ সংশোধনী আদালত কর্তৃক অসাংবিধানিক (Unconstitutional) ঘোষিত হয়েছে। সুতরাং আমরা তো সেটি ছুঁড়ে ফেলে দিয়েছিই।" তিনি উল্লেখ করেন, এটি কোনো আক্ষরিক অর্থ ছিল না, বরং একটি অন্যায্য ব্যবস্থার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ ছিল।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক সিদ্ধান্তের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী নিজে নির্দেশনা দিয়েছিলেন যে, একজনের প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের বেশি হতে পারবে না। তিনি জানতেন দেশবাসী তাকে বা বেগম খালেদা জিয়াকেই প্রধানমন্ত্রী বানাবেন, তা সত্ত্বেও তিনি এই সংস্কার চেয়েছেন।" এই সিদ্ধান্তের জন্য বিরোধী দলের পক্ষ থেকে প্রশংসা ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।
বিরোধী দলের কিছু প্রস্তাবনার সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, "৭১ এবং ২৪-কে এক পাল্লায় মাপা যায় না। ৭১-এর সংবিধান আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন ও বিজয়গাথা। তবে কারও কারও কাছে এটি পরাজয়ের গ্লানি হতে পারে, আমি সেই বিতর্কে যাব না।" তিনি আরও যোগ করেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সমঝোতা হলেও সেখানে 'মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস'-এর বিষয়টি স্পষ্টভাবে লেখা হয়নি। তিনি বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করেছিলেন, আমরা বর্তমান সংবিধানেও সেটি ফিরে পেতে চাই।"
বিরোধীদলীয় নেতার ‘মিলেমিশে কাজ করার’ প্রস্তাবকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আসুন, কীভাবে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যায়, সেই পথ বের করি।" তিনি রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকল পক্ষকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।


