মধ্যপ্রাচ্যের তিন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েক দফায় হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি আমিরাতের সব মার্কিন আস্তানা গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েক দফায় ভয়াবহ হামলা চালানোর দাবি জানিয়েছে ইরান। শনিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী এই অভিযান পরিচালনা করে।
আইআরজিসির নৌ-প্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কুয়েতের আল-আদিরি, বাহরাইনের শেখ ঈসা এবং আবুধাবির আল-ধাফরা ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। তাংসিরি জানান, তাদের মূল লক্ষ্যবস্তু ছিল যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান এবং বিমানের জ্বালানি মজুত রাখার বিশাল ট্যাঙ্কগুলো।
আমিরাতকে আইআরজিসির চরম হুঁশিয়ারি: এদিকে ইরানের খারগ দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাতকে কঠোর সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি। এক বিবৃতিতে তারা জানায়, আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব গোপন আস্তানা এখন থেকে ইরানের জন্য 'বৈধ লক্ষ্যবস্তু' হিসেবে গণ্য হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় আমিরাতের বিভিন্ন শহরে আশ্রয় নেওয়া মার্কিন শত্রু, তাদের ক্ষেপণাস্ত্রের উৎসস্থল, বন্দর ও ডকগুলোতে যেকোনো সময় আঘাত হানা হবে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এই বিবৃতিতে আমিরাতের সাধারণ বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বন্দর, ডক এবং মার্কিন সামরিক স্থাপনা থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য স্থানীয়দের আহ্বান জানানো হয়েছে। সূত্র: এএফপি।


