নৌবাহিনীর জাহাজে হামলার উপযুক্ত জবাব দেবে ইরান: সেনাপ্রধান মেজর জেনারেল হাতামি

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’-তে মার্কিন হামলার তীব্র প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। হামলায় ৯৪ জন ক্রু নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা তুঙ্গে।

Mar 14, 2026 - 16:57
 0  42
নৌবাহিনীর জাহাজে হামলার উপযুক্ত জবাব দেবে ইরান: সেনাপ্রধান মেজর জেনারেল হাতামি
×

ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ (IRIS Dena)-তে হামলার কঠোর ও উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি শনিবার (১৪ মার্চ, ২০২৬) সরকারি বার্তা সংস্থা 'ইরনা' নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি প্রদান করেন।

বিনা উসকানিতে হামলার অভিযোগ:

মেজর জেনারেল হাতামি বলেন, “আইআরআইএস দেনা-এর ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে দেশে ফিরছিলেন। সম্পূর্ণ বিনা উসকানিতে মার্কিন নৌবাহিনী জাহাজটিতে হামলা চালিয়ে শতাধিক ক্রুকে হত্যা করেছে। আমরা এই কাপুরুষোচিত হামলার উপযুক্ত জবাব দেবো।” তিনি আরও যোগ করেন, নিহত ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম ও আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন এবং দেশের সমুদ্রসীমা রক্ষায় তেহরান যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।

ঘটনার প্রেক্ষাপট:

গত ১৮ ফেব্রুয়ারি ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌ-মহড়া ‘মিলন ২০২৬’-এ অংশ নিতে ৭০টি দেশের সঙ্গে ইরানও তাদের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা পাঠায়। মহড়া শেষে ইরানে ফেরার পথে শ্রীলঙ্কার উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় জাহাজটি ধ্বংস হয়ে যায়।

হতাহতের বিবরণ:

জাহাজটিতে থাকা ১০৪ জন ক্রুর মধ্যে ৯৪ জনই নিহত হন। উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৮৪ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। গতকাল শুক্রবার শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধারকৃত এই মরদেহগুলো তেহরানের কাছে হস্তান্তর করেছে।

​আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্যমতে, ভারত মহাসাগরে এই সরাসরি মার্কিন হামলার ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ছায়াযুদ্ধ এখন এক ভয়াবহ সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।