তেল আবিবে একের পর এক ইরানি মিসাইল হামলা, কাঁপছে ইসরায়েল
ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের পর ইসরায়েলে হামলা জোরদার করেছে তেহরান। মঙ্গলবার তেল আবিব ও বেইত শেমেস এলাকায় অন্তত এক টন ওজনের প্রকাণ্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের পর ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক হামলা নজিরবিহীনভাবে জোরদার করেছে তেহরান। আজ মঙ্গলবার (১০ মার্চ, ২০২৬) সকাল থেকেই ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবসহ বিভিন্ন জনপদে একের পর এক প্রকাণ্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে আকাশপথে হামলার সতর্কতা জারি করার মুহূর্তেই মধ্যাঞ্চলীয় বেইত শেমেস এলাকায় বিকট শব্দে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ ঘটে। ‘দ্য টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, বিস্ফোরণের পরপরই চিকিৎসাকর্মী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে, এখন থেকে ইসরায়েলের অভ্যন্তরে তারা যেসব ক্ষেপণাস্ত্র ছুড়বে, সেগুলোর কোনোটিই ওজনে এক টনের কম হবে না। মঙ্গলবারের হামলায় সেই প্রকাণ্ড এবং বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলগুলোই ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইরানের নতুন নেতৃত্বের অধীনে যুদ্ধের তীব্রতা কয়েক গুণ বেড়ে গেছে। গত কয়েক ঘণ্টার হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোম' ফাঁকি দিয়ে বেশ কিছু মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। বর্তমান পরিস্থিতিতে পুরো ইসরায়েল জুড়ে উচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: আলজাজিরা।


