বিদ্যুৎখাতে অতীতের ওপর দায় চাপিয়ে সমস্যা এড়ানোর সুযোগ নেই: অধ্যক্ষ ইউনুছ আহমদ
বিদ্যুৎখাতে অতীতের ব্যর্থতা ও দুর্নীতির প্রভাব থাকলেও বর্তমান সরকার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ।
জনগণ অতীতের জাবরকাটা দেখতে চায় না, সমাধান চায়: অধ্যক্ষ ইউনুস আহমদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, বিদ্যুৎখাত বর্তমানে দেশের অন্যতম বড় ভর্তুকির খাত হওয়া সত্ত্বেও গ্রীষ্মকালে সাধারণ মানুষকে ভয়াবহ লোডশেডিংয়ে নাজেহাল হতে হচ্ছে। এই সংকটের জন্য সরকারগুলো বারবার অতীতের ওপর দায় চাপিয়ে নিজেদের দায় এড়াতে চায়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অতীতে ব্যর্থতা ও দুর্নীতির প্রভাব অবশ্যই আছে, তবে বর্তমান সরকার এর দায় এড়াতে পারে না। স্বাধীনতার পর থেকে দেশ পরিচালনাকারী প্রতিটি সরকারকেই বিদ্যুৎখাতে পরিকল্পনাহীনতা, অদূরদর্শিতা ও দুর্নীতির দায় নিতে হবে।
অধ্যক্ষ ইউনুস আহমদ তাঁর বিবৃতিতে উল্লেখ করেন, "ফ্যাসিবাদী হাসিনা সরকার দুর্নীতির সুযোগ রাখার জন্য বিদ্যুৎখাতে যে অরাজকতা তৈরি করেছিল, তার প্রতিফল হয়তো এখনও রয়ে গেছে। কিন্তু জনগণ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় এনেছে কাজ করার জন্য এবং সিস্টেমের জঞ্জাল দূর করার জন্য।"
তিনি আরও সতর্ক করে বলেন যে, জনগণ আর অতীতের জাবরকাটা দেখতে চায় না। মানুষ চায় দৃশ্যমান কাজ এবং চলমান সমস্যার টেকসই সমাধান। বিদ্যুৎখাতের সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে তিনি বর্তমান প্রশাসনের প্রতি আহ্বান জানান।


