ইরানের ওপরে মার্কিন-ই*জরাই*লী হামলা আধুনিক বিশ্বব্যবস্থার ব্যর্থতার আরেকটি ঘৃণ্য দৃষ্টান্ত : ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘকে যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমাদ।
ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ। তিনি এই হামলাকে আধুনিক বিশ্বব্যবস্থার ব্যর্থতার আরেকটি 'কলঙ্কজনক ও ঘৃণ্য দৃষ্টান্ত' হিসেবে অভিহিত করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের মহাসচিব এই প্রতিক্রিয়া জানান এবং অবিলম্বে ইরানের ওপর হামলা বন্ধের আহ্বান জানান।
বিশ্ববিবেকের প্রতি আহ্বান:
অধ্যক্ষ ইউনুস আহমাদ মধ্যপ্রাচ্যের দেশসমূহসহ বিশ্বের সকল শান্তিপ্রিয় দেশ ও জাতির প্রতি এই হামলার প্রতিবাদ জানানোর আহ্বান জানান। তিনি জাতিসংঘকে উদ্দেশ্য করে বলেন, অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই যুদ্ধবিরতির উদ্যোগ নিতে হবে।
শিশু শিক্ষার্থী নিহতের ঘটনায় নিন্দা:
বিবৃতিতে তিনি আরও বলেন, ইরানের স্কুলে হামলা চালিয়ে অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, যা চরম অমানবিক। এই ঘটনার জন্য জাতিসংঘে মার্কিন-ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা প্রস্তাব আনার জন্য তিনি জোর দাবি জানান।
বাংলাদেশ সরকারের প্রতি দাবি:
অধ্যক্ষ ইউনুস আহমাদ বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, এই অযৌক্তিক ও বর্বরোচিত হামলার নিন্দা জানাতে হবে এবং যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, মিথ্যা অজুহাত ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত এই হামলা পুরো বিশ্বকে এক অনিশ্চিত সংকটের দিকে ঠেলে দিচ্ছে।


