কৃষি ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতিকে খাদের কিনারায় পৌঁছাবেন না: গাজী আতাউর রহমান

দেশের শোচনীয় অর্থনৈতিক অবস্থার মধ্যে কৃষি ও ফ্যামিলি কার্ডের মতো অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের মাধ্যমে অর্থনীতিকে ঝুঁকির মুখে না ফেলতে সরকারকে সতর্ক করেছে ইসলামী আন্দোলন।

Apr 14, 2026 - 20:52
 0  14
কৃষি ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতিকে খাদের কিনারায় পৌঁছাবেন না: গাজী আতাউর রহমান
×

দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে সরকারের নেওয়া ‘কৃষি কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তীব্র সমালোচনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সতর্ক করে বলেছেন, অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া রিজার্ভ ব্যবহার করে ইশতেহার বাস্তবায়নের এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত অর্থনীতিকে খাদের কিনারায় পৌঁছে দেবে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর মজলিসে শূরার অধিবেশনে তিনি এসব কথা বলেন।

ব্যাংকিং খাত ও রিজার্ভ নিয়ে উদ্বেগ

​মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “ইতিমধ্যেই ৫ থেকে ৭টি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া ৪০ হাজার কোটি টাকার রিজার্ভের মাধ্যমে বর্তমান সরকার ইশতেহার বাস্তবায়নে ঝুঁকিপূর্ণ পথে হাঁটছে।” তিনি সরকারের জনপ্রিয়তাবাদী নীতির সমালোচনা করে দেশের প্রকৃত অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করার আহ্বান জানান।

সিন্ডিকেট ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি

​অধিবেশনে তিনি অভিযোগ করেন, দেশে বর্তমানে অসাধু ব্যবসায়ীদের রাজত্ব কায়েম হয়েছে। সিন্ডিকেট চক্র জ্যামিতিক হারে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে, ফলে নিম্ন আয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

বিদেশীদের সাথে আঁতাত ও ‘ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ

​বিশেষ অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক এক চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। তিনি বলেন, “নির্বাচনে ইসলামপন্থীদের উত্থান ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকার বিদেশীদের সাথে আঁতাত করেছিল। প্রকৃত জনমত আড়াল করতে ভোটের হার কম দেখিয়ে তারা ‘ইঞ্জিনিয়ারিং’-এর আশ্রয় নিয়েছে।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ‘গাদ্দার’ হিসেবে অভিহিত করে বলেন, জনগণ তাদের ঘৃণাভরে স্মরণ করবে।

তেলের কৃত্রিম সংকট ও ষড়যন্ত্র

​সভাপতির বক্তব্যে নগর সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের অজুহাতে দেশে তেলের কৃত্রিম সংকট তৈরি করে দেশকে বহির্বিশ্বে হেয় করার চেষ্টা চলছে। একটি স্বার্থান্বেষী মহল এই তৎপরতা চালাচ্ছে উল্লেখ করে তিনি সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

অধিবেশনে উপস্থিতিবৃন্দ

​ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে আরও বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম এবং মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।