সংস্কার বিষয়ে বিএনপির অবস্থানে জাতি আশাহত হয়েছে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

সংস্কার কমিশন ও গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোর বিষয়ে বিএনপির অবস্থানে জাতি আশাহত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

Apr 12, 2026 - 15:47
 0  8
সংস্কার বিষয়ে বিএনপির অবস্থানে জাতি আশাহত হয়েছে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
×

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের অভূতপূর্ব সুযোগ তৈরি হলেও ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিএনপির অবস্থানে জাতি আশাহত হয়েছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে অভিযোগ করেছেন, গুরুত্বপূর্ণ সংস্কার অধ্যাদেশগুলো বাতিল বা কার্যকারিতা হারাতে দিয়ে বিএনপি কার্যত পতিত স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণ করছে।

সংস্কারের আকাঙ্ক্ষা ও সংসদের ভূমিকা

​বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “রক্তস্নাত পথ পাড়ি দিয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কাছে প্রত্যাশা ছিল যে, জনগণের আকাঙ্ক্ষিত সংস্কারকল্পে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অনুমোদন করা হবে। কিন্তু প্রথম অধিবেশনে বিএনপি যা করল, তাতে জুলাইয়ের আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়েছে।” তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো স্বৈরতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়ার পথ তৈরি করেছিল।

গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল ও রহিতকরণে ক্ষোভ

​ইসলামী আন্দোলনের মুখপাত্র হতাশা প্রকাশ করে বলেন, সরকার গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ এবং পুলিশ কমিশন গঠনের লক্ষ্যে জারি করা অধ্যাদেশগুলোর কার্যকারিতা হারিয়ে যেতে দিয়েছে। এছাড়াও বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার কমিশন ও সংসদ সচিবালয় সংক্রান্ত ৭টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ রহিতকরণ বিল পাসের মাধ্যমে বাতিল করা হয়েছে। তিনি বলেন, “বিএনপি সরকার এই তাৎপর্যপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে মূলত পতিত আওয়ামী লীগের পথেই হাঁটল।”

স্বৈরতন্ত্রের রাস্তা পরিষ্কারের অভিযোগ

​মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিচার বিভাগের স্বাধীনতার মতো সর্বজনস্বীকৃত বিষয়েও বিএনপি ভিন্ন পথ ধরেছে। এমনকি নিজেদের নেতারা গুমের শিকার হওয়া সত্ত্বেও গুম কমিশনকে তারা লোপের দিকে ঠেলে দিয়েছে। গণভোট অধ্যাদেশকে সংসদে ‘জাতীয় প্রতারণা’ ও ‘অবৈধ্য’ বলে মন্তব্য করার কঠোর সমালোচনা করে তিনি বলেন, এসবের মাধ্যমে বিএনপিও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার রাস্তা পরিষ্কার রাখল।

সুধারণা ও আল্টিমেটাম

​বিবৃতিতে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, “আমরা এখনো বিএনপির প্রতি সুধারণা পোষণ করতে চাই। তাই বলব, যেসব বিষয়ে অধ্যাদেশ লোপ বা বাতিল করা হয়েছে, আগামী অধিবেশনেই আপনাদের অঙ্গীকারমতে সেখানে আরও সুসংহত বিল উত্থাপন করুন।” তিনি সতর্ক করে দিয়ে বলেন, অন্যথায় জনতা নিজ থেকেই রাজপথে তাদের দাবি আদায় করে নেবে।