জুলাই গণঅভ্যুত্থানের পরে সৃষ্ট রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্টের দায় বিএনপিকেই নিতে হবে : অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্টের জন্য বিএনপিকে দায়ী করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। তিনি নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান।

Mar 10, 2026 - 20:49
 0  4
জুলাই গণঅভ্যুত্থানের পরে সৃষ্ট রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্টের দায় বিএনপিকেই নিতে হবে : অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ
×

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে যে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিল, তা বিনষ্টের দায় বিএনপিকেই নিতে হবে। মঙ্গলবার (১০ মার্চ, ২০২৬) দলের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

​মাওলানা ইউনুস আহমদ বলেন, "বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় থেকেই বিরোধী শক্তিগুলোর মধ্যে একটি বোঝাপড়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে উঠেছিল। কিন্তু বিএনপি সরকার গঠনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের ওপর হামলা ও খুনের মতো ঘটনা ঘটছে।" তিনি অভিযোগ করেন, পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের হাতে এক কর্মীর নৃশংস মৃত্যু এবং বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীরের ওপর বর্বরোচিত হামলা প্রমাণ করে যে বিএনপির কিছু নেতাকর্মী ফ্যাসিস্টদের মতোই আচরণ করছে।

​বৈঠকে বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে মহাসচিব বলেন, "আপনারা সরকার পরিচালনায় ব্যস্ত থাকলেও দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে মনোযোগী হোন। আওয়ামী লীগের মতো আচরণ করলে জনগণ পুনরায় রুখে দাঁড়াবে। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের জবাবদিহিতার আওতায় আনুন এবং হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নিন।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুরনো ধারার সহিংস রাজনীতি অব্যাহত থাকলে এর দায়ভার বিএনপিকেই বহন করতে হবে।

​দলের নিয়মিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে.এম. আতিকুর রহমান, আতিকুর রহমান মুজাহিদ, শেখ মুহাম্মাদ নুরুন্নাবী, মুফতি মানসুর আহমাদ সাকী এবং মাওলানা খলিলুর রহমান।