কোনো অজুহাতেই শ্রমিকদের ঈদ আনন্দ নষ্ট করা যাবে না: ইসলামী আন্দোলন

পোশাক শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস ২০ রোজার মধ্যে পরিশোধের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

Feb 28, 2026 - 20:25
 0  7
কোনো অজুহাতেই শ্রমিকদের ঈদ আনন্দ নষ্ট করা যাবে না: ইসলামী আন্দোলন
×

আসন্ন ঈদকে কেন্দ্র করে পোশাকখাতের শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস নিয়ে উদ্বেগ কাটাতে মালিকপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো অজুহাতেই শ্রমিকদের ঈদ আনন্দ নষ্ট করা যাবে না।

​শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই দাবি জানান।

শ্রমিকদের পাওনা নিয়ে টালবাহানার সমালোচনা:

বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, "ঈদ ঘনিয়ে আসলেই দেশের অর্থনীতির প্রাণভোমরা পোশাকখাতের হাড়ভাঙা পরিশ্রম করা শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে অস্থিরতা তৈরি হয়। দিন-রাত একাকার করে কাজ করা শ্রমিকদের পাওনা নিয়ে নানা টালবাহানা ও ছলচাতুরী করা হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" তিনি জোরালো দাবি জানান যে, সময়মতো শ্রমিকদের বেতন ও বোনাস বুঝিয়ে দিতে হবে।

মালিকপক্ষের মনোভাব নিয়ে প্রশ্ন:

তিনি আরও বলেন, পোশাকখাতের মালিকরা সম্পদশালী হলেও ঈদের সময় শ্রমিকদের পাওনা পরিশোধে তাদের মনোভাব সমর্থনযোগ্য নয়। অনেক ক্ষেত্রে সরকার মালিকদের দাবি মেনে নিয়ে নগদ প্রণোদনা দিলেও শ্রমিকরা তাদের সঠিক পাওনা পেতে ভোগান্তিতে পড়ে। শ্রমিকদের ঈদ আনন্দকে পুঁজি করে মালিকপক্ষের স্বার্থ আদায়ের এই প্রবণতাকে তিনি অশুভ লক্ষণ বলে অভিহিত করেন।

ইসলামী আন্দোলনের দাবি:

বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ২০ রমজানের মধ্যে সকল পোশাক শ্রমিকের বকেয়া বেতন ও বোনাস সম্পূর্ণ আদায় করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর আহ্বান জানিয়েছে।