নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধীদের কঠোর ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে: ইসলামী আন্দোলন (মহিলা বিভাগ)

নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা বিভাগের সভানেত্রী মিসেস নুরুস সাবিহা।

Mar 3, 2026 - 19:45
 0  5
নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধীদের কঠোর ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে: ইসলামী আন্দোলন (মহিলা বিভাগ)
×

দেশে নারী ও শিশুর প্রতি চলমান নৃশংসতা রোধে অপরাধীদের দ্রুত বিচার এবং কঠোর ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা বিভাগ। মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে সংগঠনের সভানেত্রী মিসেস নুরুস সাবিহা এই দাবি জানান।

বিবৃতিতে গভীর উদ্বেগ:

মিসেস নুরুস সাবিহা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এই সমাজে দীর্ঘকাল ধরে বিরাজমান থাকলেও সাম্প্রতিক সময়ে নৃশংসতার মাত্রা সব সীমা ছাড়িয়ে গেছে। এটি অত্যন্ত উদ্বেগজনক। এই ভয়াবহ প্রবণতা রুখতে হলে কেবল ধরপাকড় নয়, বরং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি জনগণের সামনে দৃশ্যমান করতে হবে।

সীতাকুণ্ডের হত্যাকাণ্ডে শোক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকায় সাত বছরের শিশু জান্নাতুল নিশা ইরাকে অত্যন্ত নির্মমভাবে হ-ত্যা-র ঘটনায় গভীর শোক প্রকাশ করেন ইসলামী আন্দোলনের এই নেত্রী। তিনি বলেন, “জাতি আজ বর্বরতা ও নির্মমতার এক ভয়াবহ দৃশ্য দেখল। এই পৈশাচিক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুততম সময়ে বিচার করে শাস্তি কার্যকর করা সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত।”

আইনী ব্যবস্থার সমালোচনা:

দেশের বিদ্যমান বিচার ব্যবস্থার সমালোচনা করে নুরুস সাবিহা বলেন, আইনী দুর্বলতা এবং বিচার প্রক্রিয়ার ধীরগতি মূলত অপরাধীদের আরও সাহস যোগায়। কোনো ঘটনার পর সাময়িক আলোড়ন সৃষ্টি হলেও বিচার বিভাগের সময়ক্ষেপণের ফলে অনেক ক্ষেত্রে অপরাধীরা আইনের ফাঁক-ফোকর দিয়ে মুক্তি পেয়ে যায়।

আইন পরিবর্তনের দাবি:

তিনি আরও উল্লেখ করেন যে, আইন ও বিচার ব্যবস্থার এই মন্থর চরিত্র বদল না করলে জাতিকে বারবার এমন নৃশংস ঘটনা দেখতে হবে। সমাজ থেকে এই ব্যাধি দূর করতে হলে আইনের শাসন এবং দ্রুত বিচার নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন।