খুনি ও ধর্ষকদের বিরুদ্ধে সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে: ইসলামী ছাত্র আন্দোলন

নরসিংদীর মাধবদীতে আমেনা আক্তারকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রামপুরায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

Feb 28, 2026 - 05:30
 0  5
খুনি ও ধর্ষকদের বিরুদ্ধে সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে: ইসলামী ছাত্র আন্দোলন
×

নরসিংদীর মাধবদীতে আমেনা আক্তারকে সংঘবদ্ধ ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকায় ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিচারহীনতার সংস্কৃতির সমালোচনা:

বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, "মাধবদীতে যে পৈশাচিকতা ঘটেছে তা সমগ্র জাতির বিবেককে রক্তাক্ত করেছে। ধর্ষণ ও হত্যা আজ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; এটি বিচারহীনতার সংস্কৃতি ও প্রশাসনিক অবহেলার বহিঃপ্রকাশ।" তিনি অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় ছাত্রসমাজ রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সরকারের প্রতি আহ্বান:

মুনতাছির আহমাদ আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব। বিচারহীনতার অপসংস্কৃতি বন্ধ না হলে দেশ অরাজকতার দিকে ধাবিত হবে। সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর সভাপতি মুহাম্মাদ মোস্তফা হোসাইন বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে সরকারকে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়ন করতে হবে। দ্রুত বিচার নিশ্চিত না হলে বিচার ব্যবস্থার ওপর থেকে সাধারণ মানুষের আস্থা ভেঙে পড়বে।

সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় যে, যদি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না হয়, তবে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উপস্থিত নেতৃবৃন্দ:

বিক্ষোভ মিছিলে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলসহ ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলটি রামপুরা টিভি সেন্টার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।