১৫ মার্চের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৫ মার্চের মধ্যে সকল শ্রমিকের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ।
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের সকল শ্রমিকের বকেয়া বেতন, চলতি মাসের বেতন এবং ঈদ বোনাস আগামী ১৫ মার্চের মধ্যে পরিশোধ করার জন্য শিল্প-কারখানা মালিকদের প্রতি জোর দাবি জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। আজ মঙ্গলবার (১০ মার্চ, ২০২৬) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান ও সেক্রেটারি জেনারেল কে. এম. বিল্লাল হোসাইন এই দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা সারা বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের শিল্প-কারখানা সচল রাখে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান পালন করে। ঈদকে সামনে রেখে তাদের প্রাপ্য বেতন ও বোনাস সময়মতো পরিশোধ করা কেবল মানবিক দায়িত্বই নয়, বরং তাদের ন্যায্য অধিকার।
বিবৃতিতে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, বেতন-বোনাস প্রদানে বিলম্ব হলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে, যা শিল্পক্ষেত্রে অস্থিতিশীলতা তৈরির কারণ হয়ে দাঁড়াবে। তাই শ্রমিকদের জীবনযাত্রার বাস্তবতা বিবেচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যেই সকল পাওনা নিশ্চিত করার জন্য মালিকপক্ষের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।
একই সঙ্গে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি তদারকি বাড়ানোর তাগিদ দিয়ে তারা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। সংশ্লিষ্ট সকল পক্ষ দায়িত্বশীল আচরণ করলে একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।


