জনগণের দুঃখ লাঘব না করে মুদি দোকানে করারোপ সরকারের বড় ভুল সিদ্ধান্ত: মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

জনগণের দুঃখ-দুর্দশা লাঘব না করে মুদি দোকানকে করের আওতায় আনা সরকারের ভুল সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

Jun 30, 2026 - 22:51
 0  1
জনগণের দুঃখ লাঘব না করে মুদি দোকানে করারোপ সরকারের বড় ভুল সিদ্ধান্ত: মাওলানা আহমদ আবদুল কাইয়ূম
×

জনগণের দুঃখ-দুর্দশা লাঘব করার কোনো কার্যকর উদ্যোগ না নিয়ে উল্টো সাধারণ মুদি দোকানকে করের আওতায় আনা সরকারের একটি চরম ভুল সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

​তিনি বলেছেন, “সরকারদলীয় নেতাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও দেশব্যাপী চলমান চাঁদাবাজি বন্ধ করে দেশকে ঢেলে সাজাতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, শাসকদলের ক্যাডার ও চাঁদাবাজদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে অনেক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। এভাবে কোনো স্বাধীন ও গণতান্ত্রিক দেশ চলতে পারে না।”

​আজ মঙ্গলবার (৩০ জুন) রাতে রাজধানীর আনন্দবাজারস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা শাখা আয়োজিত এক বিশেষ দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে জাতীয় সংসদ:

জাতীয় সংসদের বর্তমান ভূমিকার তীব্র সমালোচনা করে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, “জাতীয় সংসদ হলো জনগণের মৌলিক অধিকার ও স্বার্থ রক্ষার পবিত্র জায়গা। সাধারণ মানুষের কল্যাণে সরকার কী কী যুগান্তকারী উদ্যোগ নিয়েছে, তা নিয়ে আলোচনা করে জাতিকে সুসংবাদ দেওয়ার কথা সংসদের। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা এখন দেখছি বর্তমান জাতীয় সংসদ কেবল দুটি দলের পারস্পরিক সস্তা দলীয় কাদা ছোঁড়াছুঁড়ি ও বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে।”

মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মারুমের অংশগ্রণ:

শাহবাগ থানা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারী) মো. কামরুল ইসলাম সুমনের অত্যন্ত সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠিত এই দাওয়াতী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের অন্যতম সহকারী মহাসচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুম এবং ঢাকা মহানগর দক্ষিণ শাখার অর্থ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম খোকন। সভায় উপস্থিত নতুন যোগ দেওয়া সাথী ও কর্মীদের মাঝে সংগঠনের মূল আদর্শ ও দাওয়াতী বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি:

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কাইয়ূম জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও 'জুলাই সনদ' বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের ওয়াদা পূরণের জোর আহ্বান জানান। তিনি স্পষ্ট করে বলেন, “জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করে গণমানুষের আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা পূরণ করতে যদি বর্তমান সরকার ব্যর্থ হয়, তবে অধিকারবঞ্চিত ক্ষুব্ধ জনগণ ফের রাজপথের কঠোর আন্দোলনের মাঠে ফিরে আসতে বাধ্য হবে।”