ফিলিস্তিনে ফজরের সময় মসজিদে ইসরাইলের হামলা; বিষাক্ত গ্যাস ব্যবহার

ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেমে ফজরের নামাজে বাধা দিয়ে মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পরে মুসল্লিদের ওপর স্টান গ্রেনেড ও বিষাক্ত কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়।

Jul 18, 2026 - 20:18
 0  4
ফিলিস্তিনে ফজরের সময় মসজিদে ইসরাইলের হামলা; বিষাক্ত গ্যাস ব্যবহার
×

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পাশাপাশি এবার পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ধর্মীয় স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ ও বর্বরতা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এবার পশ্চিম তীরের বেথলেহেমের হুসান গ্রামে পবিত্র ফজরের নামাজ আদায়ে বাধা দিয়ে একটি মসজিদে কাপুরুষোচিত হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা।

​গতকাল শুক্রবার (১৭ জুলাই ২০২৬) একটি নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্রের বরাতে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ওয়াফা’ (Wafa) এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

আজান ও নামাজে বাধা, মুসল্লিদের ওপর চড়াও:

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে হুসান গ্রামের একটি মসজিদে মুসল্লিরা যখন ফজরের নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখন ভারী অস্ত্রে সজ্জিত ইসরায়েলি সৈন্যরা মসজিদটি ঘেরাও করে ভেতরে প্রবেশ করে। তারা পবিত্র আজান ও নামাজ আদায়ে সরাসরি বাধা সৃষ্টি করে এবং হট্টগোল ও তাণ্ডব শুরু করে। একপর্যায়ে বন্দুকের মুখে সাধারণ ফিলিস্তিনি মুসল্লিদের মসজিদ থেকে জোরপূর্বক বের করে দেয় দখলদার বাহিনী।

স্টান গ্রেনেড ও বিষাক্ত গ্যাস নিক্ষেপ:

মসজিদ থেকে বের করে দেওয়ার পরও ক্ষান্ত হয়নি বর্ণবাদী সেনারা। ওয়াফা জানিয়েছে, মসজিদ প্রাঙ্গণ থেকে তাড়ানোর সময় দিকবিদিক জ্ঞানশূন্য ফিলিস্তিনিদের লক্ষ্য করে মুহুর্মুহু স্টান গ্রেনেড এবং তীব্র ঝাঁঝালো বিষাক্ত কাঁদানে (টিয়ার) গ্যাস নিক্ষেপ করে সেনারা। এতে ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে এবং বহু মুসল্লি শ্বাসকষ্টজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

গ্রামের প্রবেশপথ বন্ধ ও বাসিন্দাদের ওপর হামলা:

ফিলিস্তিনি বার্তা সংস্থাটি আরও জানায়, এই পবিত্র ইবাদতগাহে হামলার পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনী বেথলেহেমের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কৌশলগত আল-আরকুব গ্রামের সবকটি প্রধান প্রবেশপথ এবং লোহার ফটক সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে।

​এছাড়া নাহালিন শহরকে গভর্নরেটের বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে প্রধান ফটকে অতিরিক্ত সেনা চৌকি বসানো হয়েছে। সেখানে প্রধান ফটকটি পার হওয়ার সময় এক নিরীহ ফিলিস্তিনি বাসিন্দাকে ইসরায়েলি সেনারা বর্বরভাবে মারধর ও শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করেছে বলে খবর পাওয়া গেছে।