রাত পোহালেই ইবিতে নবীন বরণ, উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রীসহ উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় অতিথিরা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীসহ একাধিক উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় অতিথি উপস্থিত থাকবেন। নবীনদের সুবিধার্থে অনুষ্ঠানটি দুই পর্বে আয়োজন করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তাসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল (১ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় 'ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬'। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীসহ একাধিক উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় অতিথি উপস্থিত থাকবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামীকাল সকাল সাড়ে ৯টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মাহ্দী আমিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ্, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী।
নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে অনুষ্ঠানটি দুই পর্বে আয়োজন করা হয়েছে। প্রথম পর্বে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন এবং ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষার্থীরা অংশ নেবেন। দ্বিতীয় পর্ব শুরু হবে দুপুর ২টায়। এতে ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এবং জীববিজ্ঞান অনুষদের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য উন্নতমানের আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় অতিথিদের বক্তব্যের জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বক্তব্য সংক্ষিপ্ত রাখা অথবা প্রয়োজনে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান জানান, স্থানীয় থানা পুলিশের সহযোগিতার পাশাপাশি আনসার, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া আয়োজন সফল করতে ক্যাম্পাসের সক্রিয় ছাত্র সংগঠনগুলোও সহযোগিতার আশ্বাস দিয়েছে।


