ভোট হালাল হলে গণভোট হারাম হবে কেন: প্রশ্ন জামায়াত আমিরের
সংসদে সমাধান না হলে ৭০ শতাংশ জনগণকে নিয়ে গণভোটের দাবি আদায়ের হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান; ঈদযাত্রা ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, "ভোট আর গণভোট; একটা হালাল হলে আরেকটা হারাম হবে কেন?" শনিবার (২১ মার্চ ২০২৬) সকালে রাজধানীর মিরপুর ৬০ ফিট সংলগ্ন মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সংসদীয় প্রক্রিয়ায় গণভোটের দাবির সমাধান না হয়, তবে ৭০ শতাংশ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই এই দাবি আদায় করা হবে।
ঈদযাত্রায় জনগণের ভোগান্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, "ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারি ও সংশ্লিষ্ট মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন কথায় আমরা জাতির কাছে লজ্জিত। মানুষের যাত্রা আরামদায়ক করার বদলে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে, যা চরম অমানবিক ও অপরাধ।"
আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে গাজা ও ইরানে চলমান সংঘাতের নিন্দা জানিয়ে তিনি বলেন, মজলুমদের ওপর যে বর্বরতা চলছে, তাতে নিশ্চয়ই আল্লাহ তাদের বিজয়ী করবেন। উল্লেখ্য, ঈদের নামাজ শেষে বেলা ১১টা থেকে ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিদেশি কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় শুরু করেছেন তিনি। আজ বিকেল ৩টা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার ঈদের শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে।


