জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ আজ
জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মান জানাতে আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আহ্বান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোহরাওয়ার্দী উদ্যানে ১১ দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক সমাবেশ
জুলাই বিপ্লবের শহীদ পরিবার এবং আহত 'জুলাই যোদ্ধাদের' নিয়ে আজ শনিবার (২৫ এপ্রিল) রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গত বুধবার (২২ এপ্রিল) জামায়াতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির কথা জানানো হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, আজ সকাল ১০টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বর্তমান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়াও জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এই সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের সদস্যদের এবং যারা আহত হয়ে দীর্ঘ লড়াই করেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতেই এই বিশেষ সমাবেশের আয়োজন।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতেও সরব রয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় এই রাজনৈতিক জোট। আজকের এই জাতীয় সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শহীদ পরিবারগুলোকে ঐক্যবদ্ধ করার এই উদ্যোগ জামায়াতের রাজনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।


