বাঁশখালীতে বন্যায় নিহত কিশোরী তাহিন নূরের পরিবারকে জামায়াত আমীরের আর্থিক সহায়তা
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার পানির স্রোতে তলিয়ে নিহত ১২ বছরের কিশোরী তাহিন নূরের শোকসন্তপ্ত পরিবারকে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি'র পক্ষ থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যার পানির তীব্র স্রোতে ভেসে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারানো কিশোরী তাহিন নূরের পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সম্প্রতি বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম জালিয়াঘাটা এলাকার বাসিন্দা আব্দুল করিমের ১২ বছর বয়সী কন্যা তাহিন নূর বন্যাজনিত এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুবরণ করে।
৬ ঘণ্টার অভিযানের পর উদ্ধার হয়েছিল মরদেহ:
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল প্রায় ১০টার দিকে তাহিন নূর বন্যার পানিতে নিমজ্জিত একটি গ্রামীণ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পানির তীব্র স্রোতে পা পিছলে গভীর খাদে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে স্রোতের টানে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে তাৎক্ষণিক বাঁশখালী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে টানা ৬ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে।
জামায়াত আমীরের পক্ষ থেকে সমবেদনা ও সহায়তা:
গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) নিহত তাহিন নূরের পশ্চিম জালিয়াঘাটার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন জামায়াত নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো নগদ আর্থিক সহায়তা নিহতের পিতা আব্দুল করিমের হাতে তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।
আর্থিক সহায়তা হস্তান্তরকালে আরও উপস্থিত ছিলেন—চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বাঁশখালী উপজেলা আমীর মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ ইছমাইল, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ আরিফ উল্লাহ, বাঁশখালী পৌরসভা আমীর মাওলানা আবু তাহের এবং সরল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহেদ।
ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিতের দাবি:
এ সময় কেন্দ্রীয় জামায়াত নেতৃবৃন্দ মরহুমা তাহিন নূরের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর জান্নাতুল ফিরদাউস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন শোক সইবার তাওফিক কামনা করে বিশেষ মোনাজাত করেন।
একই সাথে জামায়াত নেতৃবৃন্দ দেশের এই চলমান প্রাকৃতিক দুর্যোগে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। বিশেষ করে গ্রামীণ ও পাহাড়ি অঞ্চলের ঝুঁকিপূর্ণ সড়ক ও কালভার্টগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অবিলম্বে জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান তারা।


