কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিতের দাবি জমিয়তের

আমন মৌসুমে সার না পেয়ে উত্তর জনপদের কৃষকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে ক্ষোভ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। দ্রুত নির্ধারিত দামে পর্যাপ্ত সার সরবরাহের দাবি জানায় দলটি।

Aug 12, 2026 - 19:54
 0  3
কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিতের দাবি জমিয়তের
×

আমন মৌসুমে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সময়মতো পর্যাপ্ত সার না পেয়ে উত্তর জনপদের কৃষকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দ্রুত অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করে প্রান্তিক কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

​মঙ্গলবার (১১ আগস্ট) রাতে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির সভায় নেতৃবৃন্দ এই দাবি জানান।

​বৈঠকে নেতৃবৃন্দ বলেন, আমন চাষের মূল সময়ে কৃষকদের প্রয়োজনীয় সার না পাওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কৃত্রিম সার সংকট ও চড়া মূল্যের প্রতিবাদে উত্তর অঞ্চলের কৃষকেরা ঢাকা-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

​তারা আরও বলেন, কৃষি উৎপাদনের এই গুরুত্বপূর্ণ সময়ে সার নিয়ে যেকোনো কারসাজি বা কৃত্রিম সংকট তৈরি হলে কৃষকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হবে, যা শেষ পর্যন্ত আমন ধানের উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিয়ে নির্ধারিত দামে কৃষকের দ্বারে দ্বারে পর্যাপ্ত সার পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব।

​দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা নাজমুল হাসান কাসেমী ও মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী উপস্থিত ছিলেন।

​সভায় গত ৬ আগস্ট অনুষ্ঠিত মজলিসে আমেলার গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে বিভিন্ন সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করা হয়।