যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘অসম ও দেশবিরোধী’, বাতিল চায় জমিয়ত
যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তিকে ‘গোলামির চুক্তি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তিকে ‘অসম ও দেশবিরোধী’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার চুক্তিও বাতিলের আহ্বান জানিয়েছে দলটি।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী দলের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরেন।
চুক্তির অসম শর্ত ও 'গোলামি'র অভিযোগ:
লিখিত বক্তব্যে মাওলানা আফেন্দী বলেন, এই চুক্তিতে বাংলাদেশকে ১৩১টি শর্ত মানতে হলেও যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র ৬টি শর্ত। এটি কোনোভাবেই বাংলাদেশের জন্য লাভজনক নয়; বরং এটি একটি ‘গোলামির চুক্তি’। তিনি অভিযোগ করেন, নির্বাচনের মাত্র ৭২ ঘণ্টা আগে গোপনে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় এর স্বচ্ছতা নিয়ে জনমনে গভীর প্রশ্ন রয়েছে।
ধর্মীয় মূল্যবোধ ও অর্থনৈতিক প্রভাব:
জমিয়ত নেতারা দাবি করেন, এই চুক্তির ফলে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বিমান, এলএনজি ও সামরিক সরঞ্জাম কিনতে বাধ্য করা হয়েছে। এছাড়া চুক্তির পরিশিষ্টে শূকরজাত পণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে, যা এদেশের ধর্মীয় মূল্যবোধ ও মুসলিম খাদ্যনীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
অন্যান্য দাবি ও ভারত প্রসঙ্গ:
সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহীম’ ও ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহালের দাবি জানানো হয়। এছাড়া পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন ও মসজিদে হামলার তীব্র নিন্দা জানিয়ে বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন নেতারা।
১০ দফা দাবি ও কর্মসূচি:
জমিয়তে উলামায়ে ইসলাম সরকারের কাছে ১০ দফা দাবি পেশ করেছে, যার মধ্যে রয়েছে—পিলখানা ও শাপলা চত্বর ট্রাজেডির দ্রুত বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং শিক্ষায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা।
বিক্ষোভের ডাক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ‘অসম’ চুক্তি এবং পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আগামী শুক্রবার (১৫ মে) বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। ঢাকায় কেন্দ্রীয়ভাবে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এই মিছিল শুরু হবে।


