কুরআন অবমাননার অভিযোগে যুবক আটক

যশোরের বাঘারপাড়ায় পবিত্র কুরআনের পাতা ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে সালমুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ; জুমার নামাজের পর স্থানীয়দের বিক্ষোভ।

Mar 21, 2026 - 13:23
 0  5
কুরআন অবমাননার অভিযোগে যুবক আটক
×

যশোরের বাঘারপাড়ায় পবিত্র কুরআন শরীফের পাতা ছিঁড়ে অবমাননা করার অভিযোগে সালমুন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ ২০২৬) দুপুরে বাঘারপাড়া উপজেলার আগদোহাকুলা গ্রামে এই নজিরবিহীন ঘটনা ঘটে। আটক সালমুন ওই গ্রামের দবির আলীর ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমুন স্থানীয় সরদারবাড়ি জামে মসজিদ থেকে একটি কুরআন শরীফ নিয়ে সেটির পাতা ছিঁড়ে পাশের এক ব্যক্তির পুকুরে ফেলে দেয়। এই ঘটনার দৃশ্য প্রতিবেশী এক যুবক ভিডিও করে স্থানীয়দের জানালে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুমার নামাজ শেষে বিক্ষুব্ধ মুসল্লিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে অবস্থান নিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​খবর পেয়ে বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সালমুনকে তার বাড়ি থেকে আটক করে। ওসি জানান, পবিত্র কুরআন অবমাননার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং আটক যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। এই ঘটনায় এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।