পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এসএসসি পাশেই আবেদন
বাংলাদেশ পুলিশে ১০ হাজার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (TRC) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। এসএসসি পাশেই আবেদন শুরু ৫ মার্চ থেকে। বিস্তারিত জানুন স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা ও আবেদনের যোগ্যতা সম্পর্কে।
বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল’ (টিআরসি) পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদরদপ্তর। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৫ মার্চ এবং চলবে ৩১ মার্চ পর্যন্ত।
এর আগে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পুলিশের সক্ষমতা বাড়াতে এই মেগা নিয়োগের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে পুলিশের জনবল বৃদ্ধি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পরপরই এই ১০ হাজার কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বলেন, ‘পুলিশের জনবল বাড়ানোর জন্য আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্বচ্ছতা ও যথাযথ পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ মেধার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন করা হবে।’ কনস্টেবল ছাড়াও পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
নিয়োগের পাশাপাশি সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। আজ এ বিষয়ে একটি অফিস আদেশও জারি করা হয়েছে। ট্রাফিক পুলিশের সক্ষমতা বাড়িয়ে শহরের যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা রোধেও সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।
আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
বয়স ও বৈবাহিক অবস্থা:
প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে এবং আবেদনকারীকে আবশ্যিকভাবে অবিবাহিত হতে হবে।
শারীরিক যোগ্যতা:
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। উভয় প্রার্থীর ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত পরিমাপের হতে হবে। এছাড়া প্রার্থীদের চোখের দৃষ্টি অবশ্যই ৬/৬ হতে হবে।


