বগুড়ায় জুলাই শহীদদের কবরে এনসিপি-ছাত্রশক্তির শ্রদ্ধা
জুলাই বিপ্লবের শহীদ রাতুল, সিয়াম শুভ ও শিমুলের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ সময় শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় ছাত্রশক্তি এবং তাদের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১ জুলাই) বগুড়ার নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে জুলাই বিপ্লবের শহীদ রাতুল, শহীদ সিয়াম শুভ এবং শহীদ শিমুলের কবর জিয়ারত করা হয়। এ সময় নেতাকর্মীরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বগুড়া জেলা আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী জ্বীম, যুগ্ম সদস্য সচিব আবদুস সবুর সুমন, দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মোহাম্মদ সৈকত আলী, যুগ্ম সদস্য সচিব মোবাশ্বির করিম রিহান, যুগ্ম সদস্য সচিব মাহমুদুন্নবী মারুফ, সংগঠক ওয়ালিউর রহমান রোহান, আহসান হাবিব তানিম, রিসান, শাহরিয়ার সিমান্ত, শাহীন ইসলাম মুন্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কবর জিয়ারত শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে জুলাই বিপ্লবে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ সৈকত আলী। তিনি বলেন, “জুলাই আমাদের চেতনা, আমাদের সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে পেরেছি। তাঁদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়।”
তিনি আরও বলেন, “একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা রাজপথে নেমেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নেই আমাদের কাজ করে যেতে হবে। শহীদদের আদর্শ ও চেতনা ধারণ করেই নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম এগিয়ে নিতে হবে।”
কর্মসূচি শেষে নেতৃবৃন্দ বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই প্রকৃত অর্থে শহীদদের প্রতি সম্মান জানানো সম্ভব।


