১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের তীব্র প্রতিবাদ

১১ দলীয় জোটে অন্তর্ভুক্ত না থাকা সত্ত্বেও বিভিন্ন সভা-সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও দলটির আমিরের নাম ব্যবহার করায় তীব্র প্রতিবাদ ও অসন্তোষ জানিয়েছে দলটি।

Jul 23, 2026 - 21:23
 0  25
১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের তীব্র প্রতিবাদ
×

দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং দলটির শীর্ষ নেতৃত্বের নাম ব্যবহার করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও অসন্তোষ প্রকাশ করেছে দলটি।

​আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিশেষ প্রতিবাদ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন দলের পক্ষে এ অবস্থান পরিষ্কার করেন।

​‘১১ দলীয় জোটে নেই খেলাফত আন্দোলন’:

বিবৃতিতে মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, “বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১ দলীয় জোটে না থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে জোটের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে আমাদের দল ও আমিরে শরীয়তের নাম ব্যবহার করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

​তিনি জানান, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে আদর্শগত ও রাজনৈতিক নীতিগত দূরত্ব থাকায় বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত আন্দোলন এককভাবেই অংশগ্রহণ করেছিল। ধর্মীয় ও রাজনৈতিক স্বকীয়তা বজায় রাখতে কোনো জোটে অন্তর্ভুক্ত না হওয়ার বিষয়ে দলের নীতি নির্ধারণী ফোরাম ‘মজলিসে শূরা’র সর্বসম্মত সিদ্ধান্ত রয়েছে।

ভবিষ্যতে নাম ব্যবহার না করার আহ্বান:

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “কেন্দ্রীয় শূরার সিদ্ধান্ত অনুযায়ী খেলাফত আন্দোলনের আমির কিংবা দলের কোনো দায়িত্বশীল প্রতিনিধি ১১ দলীয় জোটের কোনো সভা-সমাবেশে অংশ নেন না। এর আগেও গণমাধ্যমে একাধিকবার বিবৃতির মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। তা সত্ত্বেও কেন বারবার জোটের কর্মসূচিতে খেলাফত আন্দোলনের নাম জড়ানো হচ্ছে, তা আমাদের বোধগম্য নয়।”

​মুফতি সুলতান মহিউদ্দিন জোর দিয়ে বলেন, “প্রতিষ্ঠাতা হজরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর চিন্তাধারা ও মজলিসে শূরার পরামর্শ অনুযায়ী বাংলাদেশ খেলাফত আন্দোলন নিজস্ব রাজনৈতিক স্বকীয়তা রক্ষা করে দাওয়াহ ও দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। তাই ভবিষ্যতে ১১ দলীয় জোটের যেকোনো সভা, সমাবেশ বা প্রচারণায় বাংলাদেশ খেলাফত আন্দোলন বা দলটির আমিরের নাম ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট জোটের নেতাদের প্রতি বিশেষ আহ্বান জানাচ্ছি।