জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জাতি ক্ষমা করবে না: ড. আহমদ আবদুল কাদের
জুলাই সনদের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে জাতি তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা সংস্কারের দাবি জানান।
জুলাই সনদের মূল ভাবনার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের সচেতন জনগোষ্ঠী ও জাতি তা কখনোই মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, "ইসলামী শিক্ষা সার্বজনীনভাবে নিশ্চিত করতে হলে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জাতির ঈমান-আকিদা, ধর্মীয় ধ্যান-ধারণা, চিন্তা ও চেতনার সঙ্গে পূর্ণ সামঞ্জস্যপূর্ণ একটি সময়োপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে হবে।"
গতকাল সোমবার (১৩ জুলাই) রাজধানীতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখা আয়োজিত ‘জুলাই বিপ্লব-উত্তর শিক্ষা সংস্কার ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আহমদ আবদুল কাদের আরও বলেন, "জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে এ দেশের জাতি কাউকে ক্ষমা করবে না। প্রয়োজনে আরেকটি অনিবার্য গণ-বিপ্লবের মধ্য দিয়ে হলেও ইসলামী শিক্ষা সার্বজনীনভাবে নিশ্চিত করা হবে। শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে, যা এ দেশের মানুষের মৌলিক ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় চেতনাকে দৃঢ়ভাবে ধারণ করে।"
বিশিষ্ট শিক্ষাবিদ ও শীর্ষ নেতাদের অংশগ্রহণ
খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার এবং হেফাজতে ইসলাম পবিত্র মক্কা নগরী শাখার সভাপতি শায়খ অলিউল্লাহ আশ শাওকী।
সেমিনারে ‘শিক্ষা সংস্কার ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার প্রশিক্ষণ সম্পাদক ড. মাহমুদুল হাসান কিবরিয়া।
উন্মুক্ত আলোচনা ও উপস্থিতি
খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আজিজুল হক ও অফিস সম্পাদক মুফতি আবু সালেহর যৌথ সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ডা. এম. এমদাদুল হক, মাওলানা নজরুল ইসলাম মাযহারী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বিলাল আহমদ চৌধুরী এবং বাংলাদেশ মাদ্রাসা কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুফতি জহির ইবনে মুসলিম প্রমুখ।
মূল প্রবন্ধের ওপর উন্মুক্ত আলোচনা পর্বে অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ আলেমেদ্বীন শায়খ সানাউল্লাহ আজহারী, জুলাই আন্দোলনের যোদ্ধা ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মুশফিকুস সালেহীন, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সালমান এবং শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


