৪০০ টাকার জন্য কৃষক দল নেতার ইটের আঘাতে দোকানির মৃত্যু

খুলনার রূপসায় মাত্র ৪০০ টাকা মাংসের বকেয়া পাওনাকে কেন্দ্র করে ঘাটভোগ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়কের হামলায় চা-বিক্রেতা দ্বীন মোহাম্মদ ঢালীর মৃত্যু।

Mar 18, 2026 - 03:50
 0  84
৪০০ টাকার জন্য কৃষক দল নেতার  ইটের আঘাতে দোকানির মৃত্যু
×

খুলনার রূপসায় মাত্র ৪০০ টাকা মাংসের বকেয়া পাওনাকে কেন্দ্র করে ঘাটভোগ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবুল খায়ের লস্করের হামলায় দ্বীন মোহাম্মদ ঢালী (৫২) নামের এক চা-বিক্রেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দ্বীন মোহাম্মদ ওই এলাকার আবুল কাশেম ঢালীর ছেলে।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় মাংস বিক্রেতা আবুল খায়ের লস্কর ওই চা-বিক্রেতার কাছে বকেয়া টাকা পেতেন। পাওনা আদায়ের জন্য তিনি দোকানে গিয়ে চাপ দিলে শুরু হয় বাকবিতণ্ডা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিবাদের একপর্যায়ে আবুল খায়ের ইট দিয়ে দ্বীন মোহাম্মদের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি মারাত্মক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ অভিযুক্ত আবুল খায়ের লস্করকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।