'কোনো কুফফার ও মুনাফিকদের সাথে আপস না করে যদি আমাদের নীতি আদর্শে অটল থাকি, তবে ইসলামের বিজয় সুনিশ্চিত'—কেএম শরিয়াতুল্লাহ
রাজধানীর ডেমরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত। অনুষ্ঠানে কেএম শরিয়াতুল্লাহ মুসলিম উম্মাহর ঐক্য ও আপসহীন রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।
মাহে রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্বের মহিমায় উজ্জীবিত হয়ে আজ ১ মার্চ (১১ রমজান) রবিবার বিকেলে রাজধানীর ডেমরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর ডেমরা থানা দক্ষিণ শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডেমরা কোনাপাড়াস্থ 'ফুডপ্লেস রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার'-এ আয়োজিত এই মাহফিলে এলাকার কয়েকশ' ধর্মপ্রাণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এক উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
বিকেল থেকেই ডেমরার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার ও ফেস্টুনে সাজানো হলরুমে ইফতারের পূর্ব মুহূর্তে এক পিনপতন নীরবতা বিরাজ করে, যেখানে ওলামায়ে কেরাম ও সাধারণ মানুষ একত্রে সারিবদ্ধভাবে বসে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শ্রবণে মগ্ন থাকেন। পাঞ্জাবি ও টুপি পরিহিত রোজাদারদের উপস্থিতিতে হলরুমটি এক ধর্মীয় গাম্ভীর্য লাভ করে।
কুরআনের শাসন কায়েমই লক্ষ্য:
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ-এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "রমজান আমাদের মাঝে সাম্য ও তাকওয়ার শিক্ষা দেয়। একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে ইসলামী আন্দোলনের কর্মীরা রাজপথে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছে। প্রচলিত অপরাজনীতির অবসান ঘটিয়ে পবিত্র কুরআনের শাসন কায়েমই আমাদের চূড়ান্ত লক্ষ্য।"
আপসহীন ও আদর্শিক রাজনীতির ডাক:
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ-এর সাংগঠনিক সম্পাদক কে.এম শরিয়াতুল্লাহ সাম্প্রতিক বিশ্ব রাজনীতি এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম জনপদে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের নগ্ন হামলা প্রমাণ করে যে, পৃথিবীর স্বঘোষিত মোড়লরা আজ ঐক্যবদ্ধভাবে মুসলিমদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় যে, কিছু নামধারী মুসলমান আজ কুফফারদের এই ধ্বংসযজ্ঞে রসদ যোগান দিচ্ছে।"
তিনি আত্মসমালোচনা করে আরও বলেন, "আমরা মুসলমানরা যদি নিজেদের পরিশুদ্ধ করে ঈমানি শক্তিতে বলীয়ান হতে পারি, তবে পৃথিবীর সকল পরাশক্তি মুসলমানদের পায়ের কাছে নতি স্বীকার করতে বাধ্য হবে। আমরা যদি কোনো কুফফার ও মুনাফিকদের সাথে আপস না করে আমাদের নীতি ও আদর্শে অটল থেকে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করি, তবে ইসলামের বিজয় সুনিশ্চিত। কারণ ইসলাম সর্বদাই বিজয়ী শক্তি।"
নেতৃবৃন্দের উপস্থিতি ও মোনাজাত:
ডেমরা থানা দক্ষিণ শাখার সভাপতি আলহাজ্ব মোঃ এমদাদুল হক-এর সভাপতিত্বে ও এইচ এ হাকিম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব এম.এইচ. মোস্তফা এবং সহ-প্রশিক্ষণ সম্পাদক প্রভাষক মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইরান ও ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলিমদের মুক্তি এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত শতাধিক ধর্মপ্রাণ মানুষ ও নেতৃবৃন্দ একত্রে ইফতার করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


