আফসোস, এখনও জুলাই সনদ ও গণভোট নিয়ে আমাদের যুদ্ধ করতে হচ্ছে: মাহমুদা মিতু

জাতীয় সংসদ অধিবেশনে জুলাই শহীদদের নিয়ে শোক প্রস্তাবের পর আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু। তিনি জানান, তরুণ প্রজন্ম পুরোনো বাংলাদেশে আর ফিরতে চায় না।

Mar 13, 2026 - 17:02
 0  2
আফসোস, এখনও জুলাই সনদ ও গণভোট নিয়ে আমাদের যুদ্ধ করতে হচ্ছে: মাহমুদা মিতু
×

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু বলেছেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম জুলাই অভ্যুত্থানের পর দেশকে আর পুরোনো ধারায় ফিরিয়ে নিতে চায় না। তবে দুঃখজনক বিষয় হলো, অভ্যুত্থানের এতোদিন পরেও ‘জুলাই সনদ’ ও ‘গণভোট’ আদায়ের জন্য এখনও যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে।

​বৃহস্পতিবার (১২ মার্চ, ২০২৬) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে জুলাই শহীদদের নিয়ে শোক প্রস্তাব পেশ করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর সেই আবেগঘন বক্তব্যের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. মিতু এসব কথা বলেন।

​পোস্টে তিনি লেখেন, "পাশে চোখ ভেজা হাসনাতই (হাসনাত আবদুল্লাহ) বাংলাদেশ কিংবা ওটাই আপনি কিংবা আমি। সকাল থেকে বারবার আমি নাহিদ ইসলামের এই বক্তব্য শুনেছি। বিশ্বাস করেন, আমার-আপনার এই বক্তব্য শোনার পর যে অনুভূতি হয়েছে, অনেকেরই তা হয়নি।"

​মাহমুদা মিতু আরও উল্লেখ করেন, এই অনুভূতি সেই তরুণ প্রজন্মের যাদের জুলাই মাস রাজনীতি সচেতন করেছে। তবে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, "আফসোস, আমাদের এখনও জুলাই সনদ ও গণভোট নিয়ে যুদ্ধ করে যেতে হচ্ছে। জীবনও দিতে হতে পারে, বলা যায় না। বেশি বললে কে কখন মেরে ফেলে!"

​তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, এটা তাদের জন্য লজ্জার যাদের ভেতরে ‘জুলাই’ নেই। যে জুলাইয়ের ওপর দাঁড়িয়ে আজ সরকার গঠিত হয়েছে, সেই চেতনাকে অনেকে হৃদয়ে ধারণ করে না, বরং কেবল চাপ এড়াতে তা ব্যবহার করে।