উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে। এয়ার অ্যাম্বুলেন্সে তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে।

Mar 13, 2026 - 11:12
 0  2
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
×

উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (১৩ মার্চ, ২০২৬) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। চিকিৎসকদের পরামর্শে আজই এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাঁকে বিদেশে নেওয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

​শুক্রবার সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার স্বার্থে তাঁকে দ্রুত সিঙ্গাপুরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাঁর সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং স্থায়ী কমিটির অপর সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁরা চিকিৎসকদের কাছ থেকে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

​গত কয়েকদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন প্রবীণ এই রাজনীতিবিদ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর চিকিৎসা হওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।